লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় কঠোর লকডাউন বাস্তবায়নে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ। প্রতিদিন সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় যৌথভাবে টহল দিচ্ছেন তাঁরা। এসময় কেউ চলমান কঠোর লকডাউনের নির্দেশনা না মেনে দোকান খোলা রাখলে, মুখে মাস্ক না পরলে এবং অহেতুক ঘোরা-ফেরা করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে।
এদিকে, কঠোর লকডাউনের প্রথমদিন ২৩ জুলাই থেকে সোমবার (২৬ জুলাই) চতুর্থ দিন পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় কঠোর লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে অহেতুক ঘোরাফেরা, মুখে মাস্ক না পরা এবং দোকান খোলা রাখার দায়ে সংক্রমণ আইন ২০১৮ এর ২৪ ধারা অনুসারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে মোট ১৩৯টি মামলায় ১ লাখ ১৬ হাজার ৯৬০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এরমধ্যে ২৩ জুলাই প্রথমদিনের অভিযানে ১৯ মামলায় ১৫ হাজার ৮০০ টাকা, ২৪ জুলাই দ্বিতীয় দিনের অভিযানে ১৬ মামলায় ৫ হাজার ২০০ টাকা, ২৫ জুলাই তৃতীয় দিনের অভিযানে ৭৬ মামলায় ৬৭ হাজার ৬০০ টাকা এবং ২৬ জুলাই চতুর্থ দিনের অভিযানে ২৮ মামলায় ২৮ হাজার ৩৬০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পরিচালিত এসব অভিযানগুলোতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আহসান হাবীব জিতু এবং উপজেলা সহকারী কমিশনার(ভূমি) খোরশেদ আলম চৌধুরী।
সি নিউজ/এ. কে. আজাদ

















