সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাতের বিরুদ্ধে ছড়া ভরাট ও রাস্তা দখলের অভিযোগে প্রশাসনের পরিদর্শন

491

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে অবস্থিত শিল্পপ্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেডের বিরুদ্ধে পরিবেশ দূষণ, প্রাকৃত ছড়া ভরাট এবং সরকারি রাস্তা দখলের অভিযোগের ভিক্তিতে পরিদর্শন করেছে জেলা প্রশাসন ও এলজিআইডি, পরিবেশ অধিদপ্তর, এবং সড়ক ও জনপদ অধিদপ্তরের নেতৃবৃন্দ।

Advertisement

বুধবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকতের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল কারখানার অভিযুক্ত জায়গা গুলো সরেজমিনে পরিদর্শন করেন। ​

দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের পক্ষ থেকে জিপিএইচ ইস্পাতের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ উত্থাপিত হচ্ছিল। পরিদর্শনের সময় অভিযোগগুলো সরজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এ সময় এলাকাবাসীরা জানান, প্রাকৃতিক পানির প্রবাহ ‘ছড়া’ ভরাট করে কারখানার সীমানা বৃদ্ধি, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন সরকারি রাস্তা দখল, ইউনিয়ন পরিষদের রাস্তা দখল, আশেপাশের পরিবেশ দূষণের করে জনজীবনকে অতিষ্ঠ করে দিয়েছে জিপিএস ইস্পাত লিমিটেড। যার ফলে বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে। এছাড়াও পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়াই বর্ষাকালে ৪০০ /৫০০ পরিবার পানি বন্দী হয়ে পড়ে।

পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত জানান, অভিযোগের প্রেক্ষিতে তারা সরেজমিনে বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেছেন। ছড়া ভরাট এবং রাস্তা দখলের বিষয়গুলো পরিমাপ ও যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত প্রতিবেদনে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে প্রদান করার আশ্বাস দেন।

এসময় সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এলাকাবাসী এবং জিপিএইচ কারখানার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement