অটোরিকশায় যাত্রী উঠানোর সময় দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় নিহত ২,আহত ৫

84

জিয়াবুল হক, সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী উঠানোর সময় পিছন থেকে মাইক্রোবাসের ধাক্কায় রনজিত ধর (৫৫) ও বাবুল দে প্রকাশ বালি (৬৫) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

Advertisement

এ ছাড়াও একই দুর্ঘটনায় জেরিন আফরোজ, দিলীপ মল্লিক, টিকলু বিশ্বাস, ইহসান ও মশিউর রহমানসহ সর্বমোট ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২৫ মার্চ) সকাল ৯টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় সংলগ্ন রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনজিত ধর দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত নিরঞ্জন ধরের পুত্র এবং বাবুল দে প্রকাশ বালি একই এলাকার মৃত মনিন্দ্র দে’র পুত্র।

জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে নিহত রনজিত ধর ও বাবুল দে প্রকাশ বালিসহ আরও দুই ব্যক্তি দাঁড়িয়ে দোহাজারীর দিকে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করছিলেন। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামলে তারা সেটিতে উঠার পরপরই পিছন থেকে আসা একটি মাইক্রোবাস অটোরিকশাটিকে স্বজোরে ধাক্কা দেয়। এতে গাড়ি দুটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে এবং উভয় গাড়িতে থাকা সকলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। পরে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ রনজিত ধর ও বাবুল দে প্রকাশ বালিকে মৃত ঘোষণা করেন।

নিহত রনজিত ধর ও বাবুল দে প্রকাশ বালির এক প্রতিবেশী বলেন, রনজিত ও বালি দোহাজারী শ্রী শ্রী অনাথ সেবা আশ্রমের উদ্বোধন উপলক্ষে কালিয়াইশ ইউনিয়নের কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গকে দাওয়াত করতে গিয়েছিলেন। পরে তারা সেখান থেকে দোহাজারী ফেরার জন্য অটোরিকশায় উঠার সময় মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে৷ এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement