চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়নের কাগতিয়া বাজারে কৃষ্ণ মুহুরীর মালিকানাধীন ‘মেসার্স রনি স্টোর’ নামক একটি মুদির দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত ৬ এপ্রিল সোমবার দিবাগত রাত আড়াইটায় সংঘটিত অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগ্নিকান্ডে দোকানের ক্যাশবক্সে থাকা নগদ ৯৫ হাজার টাকা, চাল,ডাল, তেল, বিস্কুট, চিনি, চা-পাত ও দুধ পাউডারসহ প্রায় ৫ লাখ টাকার মুদি মালামাল সামগ্রী সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শট সার্কিট থেকে দোকানটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে ‘মেসার্স রনি স্টোর’ নামক মুদির দোকানের স্বত্ত্বাধিকারী ক্ষতিগ্রস্ত কৃষ্ণ মুহুরী জানান, ঐদিন রাত আনুমানিক ১০টায় দোকান বন্ধ করে বাড়ি চলে আসার পর মধ্যরাতে দোকানটিতে অগ্নিকান্ডের ঘটনা রহস্যজনক। বৈদ্যুতিক শট সার্কিট থেকে দোকানে অগ্নিকান্ডের ঘটনা সঠিক নয়, এটি সম্পূর্ণ পরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিত।
এ ব্যাপারে দোকানটির মালিক কৃষ্ণ মুহুরী বাদী হয়ে রাউজান থানায় অভিযোগ দায়েরের পাশাপশি স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার বরাবরের আবেদনের মাধ্যমে আর্থিক সহযোগিতা চেয়েছেন।

















