সীতাকুণ্ডে শামিম হত্যা মামলার আসামী সোহেল রাঙ্গুনিয়া থেকে গ্রেফতার

276

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া এলাকায় দুর্বত্তদের হাতে নিহত ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামীম হত্যা মামলার পলাতক আসামি মোঃ সোহেলকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম।

Advertisement

গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে রাঙ্গুনিয়া উপজেলার লিচু বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। গত ৮ এপ্রিল বুধবার রাতে শামীম শশুড়বাড়ি মধ্যম ভাটেরখীল গ্রামে বেড়াতে যায। রাত সাড়ে ১১ টার দিকে কয়েকজন ব্যক্তি শামিমকে ডেকে নিয়ে যায়। এরপর দূর্বৃত্তরা তাকে নির্জন স্থানে নিয়ে কুপিয়ে হত্যা করে। তার শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম ও পায়ের রগ কেটে দেয়া হয়। শামীম একই ইউনিয়নের গোলাবাড়িয়া এলাকার শিবপুর গ্রামের মৃত আবুল মুনসুরের ছেলে এবং মুরাদপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

জানা যায়, আসামিদের সঙ্গে তার পূর্বপরিচয় ছিল এবং তাদের মধ্যে দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ চলছিল। পাওনা টাকা নিয়ে কয়েক দফা ঝগড়া-বিবাদ, হুমকি এবং মারধরের ঘটনাও ঘটেছিল বলে জানা গেছে। হত্যাকান্ডের পরদিন নিহতের স্ত্রী বাদী হয়ে ১০ জনকে এজাহারভুক্ত আসামি এবং আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, ঘটনার পরপরই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে। বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ, প্রযুক্তিগত বিশ্লেষণ এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। তদন্তের এক পর্যায়ে র‌্যাব জানতে পারে, মামলার অন্যতম পলাতক আসামি মোঃ সোহেল আত্মগোপন করে চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকায় অবস্থান করছে। এরপর ১৪ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টা ৫৫ মিনিটে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল রাঙ্গুনিয়া থানার লিচু বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Advertisement