প্রধানমন্ত্রী দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে: সাকিলা ফারজানা এমপি

39

এম ওসমান গনি, হাটহাজারী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি’র নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেছেন, দীর্ঘদিন পর একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচিত করতে পেরেছে—এটি গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক দিক। এই গণতান্ত্রিক প্রক্রিয়া যেন ভবিষ্যতে আরও শক্তিশালী ও নিরবচ্ছিন্ন থাকে, সেটি নিশ্চিত করার চ্যালেঞ্জ গ্রহণ করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান।

Advertisement

শনিবার (৯ মে) বিকেলে নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা সংসদে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রামের হাটহাজারীর লালিয়ারহাটে তার জন্মস্থানে আগমণ উপলক্ষ্যে চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) আসনের বিএনপি পরিবার এবং সর্বস্তরের জনসাধারণ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় ব্যারিস্টার সাকিলা ফারজানা-এমপি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে। তাছাড়া তিনি দেশে নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি নারী শিক্ষা এগিয়ে নিতে ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে লেখাপড়ার ব্যবস্থা ও নারীদের কর্মসংস্থান নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করেছেন।

ব্যারিস্টার সাকিলা ফারজানা হাটহাজারী উপজেলার অবকাঠামো ও সার্বিক উন্নয়নে অগ্রাধিকার দেবেন এমন প্রত্যাশা ব্যক্ত করে বলেন, আজকের দিনটিকে তাঁর জীবনের অন্যতম ঐতিহাসিক ও গর্বের দিন। তার মরহুম পিতা চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও আংশিক বায়েজিদ) আসনের ৪ বারের এমপি ও সাবেক হুইপ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের সুযোগ্য উত্তরসূরি হিসেবে এই অর্জন কেবল তাঁর ব্যক্তিগত নয়, বরং এটি একটি আদর্শের বিজয় এবং জনগণের আস্থার প্রতিফলন।

বাবার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগঘন কণ্ঠে উপস্থিত জনতার উদ্দেশ্য বলেন, আমার বাবার ত্যাগ, সততা ও মানুষের প্রতি তাঁর অগাধ ভালোবাসা আমার পথচলার চিরন্তন প্রেরণা হয়ে থাকবে। তাঁর দেখানো পথেই আমি নিজেকে পরিচালিত করে আমৃত্যু পর্যন্ত আপনাদের পাশে থেকে সেবা করে যেতে চাই।

এর আগে তিনি বিকেল ৫টার দিকে তার জন্মস্থান হাটহাজারীর লালিয়ারহাট এসে পৌঁছলে হাজার হাজার নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানানোর জন্য ভিড় করে। এরপর তিনি তার মরহুম পিতা সৈয়দ ওয়াহিদুল আলমের কবর জিয়ারত ও মোনাজাত করেন।

পরে চট্টগ্রাম-৫ আসনের বিএনপি পরিবার এবং সর্বস্তরের জনসাধারণ ব্যারিস্টার সাকিলা ফারজানা বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে এমপি নির্বাচিত হওয়ায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠান শেষে তিনি তার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী, গণমাধ্যমকর্মী, পেশাজীবী ও সর্বস্তরের জনসাধারণের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

Advertisement