সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে জুয়ার আসরে হানা দিয়ে তিন জুয়ারিকে আটক করে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম।উপস্থিত ছিলেন এনএসআই, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার রাত ১২ টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরস্থ গামারীতলা এলাকার পরিত্যক্ত নাজিয়া রোলিং মিলের পাশে সোহেল ট্রান্সপোর্ট নামে একটি ট্রাক ডিপোতে এনএসআই এর গোপন সংবাদের সূত্রে অভিযান চালানো হয়। এসময় ৩০/৪০ জন জুয়ার আসরে থাকলেও প্রশাসন যাওয়ার পর অনেকেই দ্রুত পালিয়ে যায়। দীর্ঘদিন যাবত উক্ত ট্রাক টার্মিনালটিতে জুয়ার আসর চলছিল। স্থানীয়রা বিষয়টি বার বার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আসছিলেন। প্রতিদিন রাত ১০টা থেকে সারা রাতব্যাপী চলা জুয়ার আসরে বিভিন্ন বয়সের মানুষ বিশেষ করে সিএনজি চালক, ক্ষুদ্র ব্যবসায়ী ও দিনমজুর শ্রেণির মানুষ দ্রুত এ নেশায় আসক্ত হয়ে পড়ছেন। সারাদিনের কষ্টার্জিত আয় রাতের জুয়ার টেবিলে হারিয়ে গভীর রাতে খালি হাতে বাড়ি ফিরছেন অনেকে।
অভিযানে আটককৃতরা হচ্ছে- নাজিম উদ্দিন (৪৮), পিতা- মৃত আবদুল হাই সওদাগর, সাং- কদমরসুল, মোঃ আজম (২৬), পিতা- মৃত আবু তাহের, সাং- শীতলপুর, সোনাইছড়ি এবং মোঃ কামাল (৫৮), পিতা- মোঃ শাহ আলম, সাং- রামগতি আলেকজান্ডার, নোয়াখালী।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ফখরুল ইসলাম বলেন, সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকাস্থ সোহেল ট্রান্সপোর্ট নামক একটি ট্রাক ডিপোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে জুয়া খেলার অপরাধে মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী, বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ মোতাবেক তিন ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।















