নুরুল আমিন এমপি

‘যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই’

1

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেন, ‘যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মিরসরাইয়ের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে আমরা সবসময় কাজ করে যাবো। খেলাধুলার মাধ্যমে তরুণদের মেধা ও নেতৃত্ব বিকশিত হয়, তাই এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।’

Advertisement

তিনি শুক্রবার (১৫ মে) মিরসরাই উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজিত ফুটবল উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মিরসরাইয়ের ক্রীড়াঙ্গনকে জাগ্রত রাখতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তরুণদের সুস্থ বিনোদন ও সুন্দর ভবিষ্যৎ গঠনে খেলাধুলা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।

এর আগে ফাইনাল খেলায় টিম এমবিএইচ স্পোর্টিং ১-০ গোলে মিরসরাই জেনারেল হাসপাতালকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলাকে ঘিরে পুরো মিরসরাইজুড়ে বিরাজ করেছিল উৎসবমুখর পরিবেশ। দর্শকদের ব্যাপক উপস্থিতি ও খেলোয়াড়দের দারুণ নৈপুণ্যে জমে ওঠে পুরো আয়োজন।

ফাইনাল খেলা শেষে ফুটবল উৎসবের আহ্বায়ক মহিউদ্দিন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর এবং আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শাহাদাত হোসেন সাজু। এছাড়াও উপস্থিত ছিলেন মায়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুসা মিয়া, মায়নী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর হোসেন, উপজেলা জাসাসের সভাপতি মেশকাত উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ, মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক এস.এম সুমন, হারুন অর রশিদ সহ মিরসরাইয়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সমাজসেবক, ক্রীড়াবিদবৃন্দ।

ফুটবল উৎসব পরিচালনা পরিষদের সদস্য সচিব ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় রেফারি মো. আবু নছর এবং মো. আসিফ জানান, এ আয়োজন সফল করা মোটেও সহজ ছিল না। দীর্ঘদিনের অভিজ্ঞতা, পরিকল্পনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ৩য় বারের মতো সফলভাবে এ আয়োজন সম্পন্ন করা সম্ভব হয়েছে।

তারা এ আয়োজন সফল করতে সার্বক্ষণিক মানসিক ও অর্থনৈতিক সহায়তা প্রদানকারী মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর এবং চাকসুর সাবেক সহ-ক্রীড়া সম্পাদক ও মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মহিউদ্দিন বাদলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজক কমিটির অন্যতম মো. আবু নছর বলেন, মিরসরাইয়ে অসংখ্য প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। কিন্তু পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবে অনেকেই ঝরে পড়ে। সঠিক প্রশিক্ষণ ও পরিচর্যা নিশ্চিত করা গেলে এখানকার খেলোয়াড়রা জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

তিনি মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার প্রতি আহ্বান জানান, মিরসরাই ফুটবল একাডেমিকে খেলোয়াড়দের জন্য একটি ‘স্বপ্নঘর’ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য।

মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মহিউদ্দিন বাদল বলেন, দীর্ঘদিন ধরে আমি ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত। উপজেলার ক্রীড়াঙ্গনের সীমাবদ্ধতাগুলো আমি খুব কাছ থেকে দেখেছি। এমপি মহোদয় আমাকে ক্রীড়া ক্ষেত্রে কাজ করার সুযোগ করে দিয়েছেন, এজন্য আমি তাঁর প্রতি কৃতজ্ঞ। আমরা সবাইকে নিয়ে ক্রীড়া সেমিনার, স্কুল-কলেজ ও একাডেমিভিত্তিক প্রশিক্ষণের আয়োজন করবো এবং যোগ্য খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাবো।

চ্যাম্পিয়ন দলের মালিক মোফাজ্জল হোসেন রাজিব বলেন, আমাদের খেলোয়াড়দের আত্মবিশ্বাস, আন্তরিকতা ও জয়ের ইচ্ছাশক্তির কারণেই আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। অতীতে মিরসরাইয়ে এত সুন্দর ও সুসংগঠিত আয়োজন খুব কমই হয়েছে। এ ধারাবাহিকতা বজায় থাকলে মিরসরাইয়ের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত সৃষ্টি হবে।

Advertisement