সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে সাঁতার কাটতে গিয়ে ডুবে মোঃ রিফাত শেখ (১৬) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে।
শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে গুলিয়াখালি সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসেন।
নিখোঁজ রিফাত কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার মোহাম্মদ খায়রুল শেখের পুত্র ও গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিখোঁজ রিফাত শেখ সহপাঠীদের নিয়ে কুমিল্লা থেকে বেড়াতে আসে গুলিয়াখালীতে। তারা সবাই সাঁতার কাটাতে সমুদ্রে গোসল করতে নামলে পর্যায়ে এদের মধ্যে ৫ জন পানিতে তলিয়ে যেতে থাকলে স্থানীয়রা দ্রুত বোট নিয়ে তাদেরকে উদ্ধার করলেও চারজনকে উদ্ধার করতে পারলেও রিফাত নামে একজন নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও নিখোঁজ পর্যটকের খোঁজ মেলেনি।
এদিকে সন্ধ্যা হয়ে যাওয়াতে উদ্ধার কার্যক্রম বন্ধ রাখে ফায়ার সার্ভিসের টিম। রোববার সকাল ৫টার দিকে আগ্রাবাদ থেকে ডুবুরি দল আসলে উদ্ধার কার্যক্রম শুরু হবে।

















