অলৌকিক বেঁচে ফেরাঃ জন্মদিনে মাঝআকাশে সেসনা বিমানের ধাক্কা, অক্ষত প্যারাগ্লাইডার সাবরিনা!

29

আন্তর্জাতিক ডেস্ক, চট্টলা নিউজ: চল্লিশোর্ধ্ব এক নারীর কাছে নিজের ৪৪তম জন্মদিনটি রূপ নিয়েছিল চরম এক দুঃস্বপ্নে, যা পরে পরিনত হয় এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনায়। অস্ট্রিয়ার আল্পস পর্বতমালার ওপর প্যারাগ্লাইডিং করার সময় একটি সেসনা (Cessna) বিমানের সাথে মাঝআকাশে ভয়াবহ সংঘর্ষের মুখোমুখি হন সাবরিনা নামের ওই নারী।

Advertisement

সংঘর্ষে তাঁর প্যারাগ্লাইডারটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেলেও, সামান্য কিছু আঁচড় ও অন্যান্য অংশ ছাড়া অলৌকিক উপায়ে অক্ষত অবস্থায় বেঁচে ফিরেছেন তিনি।

যেভাবে ঘটল এই দুর্ঘটনাঃ
জানা গেছে, ৪৪ বছর বয়সী সাবরিনা তাঁর জন্মদিন উদযাপন করতে অস্ট্রিয়ার জেল আম সি (Zell am See) এলাকার জনপ্রিয় ‘শ্মিটেনহোহে’ (Schmittenhöhe) পর্বত থেকে প্যারাগ্লাইডারে চেপে উড়াল দিয়েছিলেন। ঠিক একই সময়ে আল্পস পর্বতের ওপর পর্যটকদের নিয়ে একটি দৃষ্টিনন্দন ফ্লাইটে (Scenic Flight) আকাশে উড়ছিল একটি ‘সেসনা সি১৮২’ (Cessna C182) বিমান, যার পাইলট ছিলেন ২৮ বছর বয়সী এক যুবক।

পিলজগার হুট বাঙ্কার (Pinzgauer Hütte) এলাকার কাছাকাছি পৌঁছালে আকস্মিকভাবে বিমানটি পেছন থেকে এসে সাবরিনার প্যারাগ্লাইডারের ওপর আঘাত হানে। বিমানের প্রপেলারটির আঘাতে সাবরিনার প্যারাগ্লাইডারের ক্যানোপি এবং ঝুলন্ত তারগুলো মুহূর্তের মধ্যে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।

প্যারাগ্লাইডারটি ধ্বংস হয়ে যাওয়ার পর সাবরিনা প্রচণ্ড গতিতে নিচের দিকে ঘুরতে ঘুরতে পড়তে থাকেন। তবে চরম বিপদের মুখেও মাথা ঠান্ডা রাখেন তিনি। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাতাসের তীব্র প্রতিরোধের মাঝেই তিনি তাঁর জরুরি ‘রিজার্ভ প্যারাশুট’ (Emergency Reserve Parachute) কোনোমতে খুলতে সক্ষম হন।

রীতিমতো মৃত্যুর মুখ থেকে ফিরে এসে সাবরিনা একটি বনের ভেতরের রাস্তায় জরুরি অবতরণ করেন। পরবর্তীতে অস্ট্রিয়ান পুলিশ ও উদ্ধারকারী দল হেলিকপ্টারযোগে তাঁকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর দেখা যায়, এত বড় দুর্ঘটনার পরও সাবরিনার শরীরে কোনো গুরুতর আঘাত লাগেনি। বিমানটির পাইলটও ক্ষতিগ্রস্ত বিমান নিয়ে স্থানীয় বিমানবন্দরে নিরাপদে অবতরণ করতে সক্ষম হন।

পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে (Instagram) দুর্ঘটনার সেই শিউরে ওঠা ভিডিও শেয়ার করে সাবরিনা ক্যাপশনে লেখেন:

“আমার তরফ থেকে আমাকে ২য় জন্মদিনের শুভেচ্ছা।” মাঝআকাশে দুই বিমানের এই সংঘর্ষের কারণ খতিয়ে দেখতে ইতিমেধ্যই অস্ট্রিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ (Aviation Authorities) একটি তদন্ত শুরু করেছে। তবে সাধারণ মানুষ ও বিশেষজ্ঞরা একবাক্যে স্বীকার করছেন- সাবরিনার এই বেঁচে ফেরা অলৌকিক ছাড়া আর কিছুই নয়।

Advertisement