চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাংলাদেশে স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শ, বিচার বিভাগের স্বাধীনতা, সাম্য, সামাজিক মর্যাদা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার যে প্রত্যাশা জনগণের রয়েছে, তা বাস্তবায়নে আমরা আশাবাদী। দেশের সাধারণ মানুষের কল্যাণে এবং একটি মানবিক রাষ্ট্র গঠনে যে নেতৃত্ব প্রয়োজন, তার প্রতিফলন আমরা আজ দেখতে পাচ্ছি। রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশে গণতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন, মানবাধিকার এবং জনগণের মৌলিক অধিকার সুপ্রতিষ্ঠিত হবে।
তিনি শুক্রবার (৫ জুন) রাঙ্গুনিয়া বেতাগীর ফলা হাজী তালুকদার বাড়ী এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. ইছহাকের সার্বিক তত্ত্বাবধানে বেতাগী ইউনিয়ন বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মেয়র বলেন, বর্তমান সময়ে তৃণমূল পর্যায়ের খেটে খাওয়া মানুষের কল্যাণে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। পরিবারভিত্তিক সহায়তা, কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিশেষ কার্ডের মাধ্যমে জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। একই সঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে পাঁচ হাজার টাকা করে বোনাস প্রদান করা হয়েছে, যা একটি মানবিক ও কল্যাণমুখী উদ্যোগের দৃষ্টান্ত।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের বীজ রোপণ করেছিলেন। সেই আদর্শকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ইনশাআল্লাহ, রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাত ধরে সেই আদর্শ আরও বিকশিত হবে এবং জনগণ তাদের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্যের অধিকারসহ সকল সাংবিধানিক অধিকার ফিরে পাবে।
বক্তব্যে তিনি রাজনৈতিক আন্দোলন সংগ্রামে আত্মত্যাগকারী নেতাকর্মীদের স্মরণ করে সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন দিয়েছেন কিংবা নির্যাতন, হামলা মামলা ও পঙ্গুত্বের শিকার হয়েছেন, তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
মেয়র ডা. শাহাদাত হোসেন ত্যাগী নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, যেসব পরিবার রাজনৈতিক নিপীড়ন ও সহিংসতার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শহীদ নেতাকর্মী এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বেতাগী ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ খালেদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ হারুনের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া সংসদীয় আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, সাবেক সাধারণ সম্পাদক ইউনুস চৌধুরী, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আজম খান, বেতাগী ইউপি সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির নেতা শওকত আলী নুর, স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী বিএনপি নেতা ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. ইছহাক, বক্তব্য রাখেন বিএনপি নেতা আহমদ বশর, নুরুল আলম, নিজামুল হক চৌধুরী তপন, সোলায়মান কালু, মো. ইলিয়াস প্রমুখ।

















