অসহায় প্রবাসী পরিবারের পাশে ইউএই হাটহাজারী সমিতি

দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ: সালাউদ্দীন আলী

54

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) হাটহাজারী সমিতির উদ্যোগে দুই প্রবাসী মরহুমের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে মোট ১ লাখ ৫০ হাজার টাকার অনুদান তুলে দেওয়া হয় শোকসন্তপ্ত দুই পরিবারের হাতে।

Advertisement

২৫ জুন (বৃহস্পতিবার) হাটহাজারীর একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত এ মানবিক সহায়তা অনুষ্ঠানে সমিতির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন তালুকদার, সিআইপি সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গভর্নিং বডির সদস্য ও সংযুক্ত আরব আমিরাত হাটহাজারী সমিতির অন্যতম সদস্য লায়ন সালাউদ্দীন আলী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বকোণের হাটহাজারী প্রতিনিধি খোরশেদ উল আলম শিমুল, সমিতির অন্যতম সহ-সভাপতি এনামুল হক ফোরকান, মোহাম্মদ মাহাবুবুল আলম, মোহাম্মদ দিদারুল আলম, মাওলানা নাছির উদ্দিন, দিদার আলম দিদার, মাহাবুব আলম মাহাবুব, মোহাম্মদ নাছির উদ্দীন খোকন, নিজাম উদ্দিন, তৌহিদুল আলম, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ রেজাউল আমিন, বাদশা মিয়া, মাওলানা শোয়াইব, মাওলানা হাফেজ মাসুদ, মোহাম্মদ জালাল, মোহাম্মদ আনিছসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে গুমানমর্দন এলাকার মরহুম হোসেনের পরিবারের হাতে ১ লাখ টাকা এবং মেখল ইউনিয়নের মরহুম খোরশেদ আলমের পরিবারের হাতে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। এ সময় পরিবারের সদস্যরা সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন সালাউদ্দীন আলী বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবিকার সন্ধানে বিদেশে অবস্থানরত অনেক প্রবাসী নানা প্রতিকূলতা ও সংগ্রামের মধ্য দিয়ে জীবনযাপন করেন। তাদের কেউ মৃত্যুবরণ করলে পরিবারগুলো প্রায়ই কঠিন আর্থিক ও সামাজিক সংকটে পড়ে। সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে ইউএই হাটহাজারী সমিতি দীর্ঘদিন ধরে অসহায় ও ক্ষতিগ্রস্ত প্রবাসী পরিবারের পাশে দাঁড়িয়ে আসছে।

তিনি বলেন, “মানবসেবাই আমাদের মূল লক্ষ্য। সমাজের যেসব প্রবাসী পরিবার আর্থিকভাবে দুর্বল ও সংকটাপন্ন অবস্থায় রয়েছে, তাদের সহযোগিতায় আমরা সর্বদা সচেষ্ট থাকব। প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। তাই তাদের পরিবারের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব।”

সালাউদ্দীন আলী আরও বলেন, “মানুষ মানুষের জন্য। সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের উচিত অসহায় ও শোকাহত পরিবারের পাশে দাঁড়ানো। পারস্পরিক সহযোগিতা, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির মাধ্যমে একটি কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।”

সভায় বক্তারা প্রবাসী মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা প্রবাসী কল্যাণে সামাজিক সংগঠনগুলোর ভূমিকার প্রশংসা করে এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে উপস্থিত অতিথি, সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। মানবিক সহায়তার এ উদ্যোগকে এলাকাবাসী প্রশংসার সঙ্গে গ্রহণ করেছেন।

Advertisement