বেড়া ক্ষেত খেলো, আইআইইউসি’র বুথ থেকে টাকা নিয়ে পালালো গার্ড, রংপুর থেকে গ্রেফতার

94

কামরুল ইসলাম দুলু: চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) এটিএম বুথ থেকে লুট হওয়া ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধারসহ বুথে দায়িত্বে থাকা মোঃ আইয়ুব আলী (৫৬) নামের সিকিউরিটি গার্ডকে রংপুর থেকে আটক করেছে পুলিশ।

Advertisement

শনিবার আটকের পর আজ রোববার সকালে সীতাকুণ্ড থানায় আনার পর আদালতে প্রেরণ করে পুলিশ।

থানায় মামলা সূত্রে জানা যায়, গত বুধবার বিকাল তিনটার সময় কুমিরাস্থ আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর এটিএম/কালেকশন বুথ থেকে নকল চাবি দিয়ে ১৭ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় সিকিউরিটি গার্ড আইয়ুব আলী। সে কক্সবাজার জেলার সদর থানার পৌর সভার বৈদ্যেরঘোনা ৮ নং ওয়ার্ডের জাদিপাহাড় রোডের ছাবির আহম্মদের ছেলে। তিনি গত ১ বছর ৬ মাস যাবত ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি, চকবাজার শাখার অধীনে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের এটিএম/কালেকশন বুথে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিল। এ ঘটনায় ইসলামী ব্যাংক চট্টগ্রামের চকবাজার শাখার অফিসার মোহাম্মদ মুঈনুল ইসলাম বাদী হয়ে বুথে দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ড আইয়ুব আলীকে আসামী করে ঘটনার দিন সন্ধ্যায় সীতাকুন্ড মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর টাকা উদ্ধারে নামেন পুলিশ। শনিবার বিকাল তিনটায় মোবাইল ট্রেকিং এর মাধ্যমে সীতাকুন্ড মডেল থানার এস আই মাহমুদুল হাসান ও এস আই ফয়েজ আহমদের নেতৃত্বে টিম রংপুরের কামার পাড়া বাস ষ্ট্যান্ড থেকে অভিযুক্ত আইয়ুব আলীকে গণেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করা হয়। রোববার সকালে আসামীকে সীতাকুন্ড থানায় নিয়ে আসেন পুলিশ।

সীতাকুন্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, আইআইইউসি ক্যাম্পাসে ইসলামী ব্যাংকের কালেকশন বুথ থেকে অর্থ চুরির ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় রংপুরে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চুরি হওয়া অর্থের মধ্যে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়। চুরি হওয়া অবশিষ্ট অর্থের কিছু অংশ সে নানা ধরনের কেনাকাটায় খরচ করে। এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement