সীতাকুণ্ডে ত্রাণ দেওয়ার কথা বলে পানিবন্দি মানুষের ২৯ হাজার টাকা হাতিয়ে নিলো প্রতারক চক্র

1

কামরুল ইসলাম দুলু: চট্টগ্রামের সীতাকুণ্ডে জেলা খাদ্য বিভাগের পরিচয় দিয়ে পানিবন্দি মানুষকে ত্রাণসামগ্রী বিতরণের জন্য আর্থিক অনুদানের কথা বলে তাদের কাছ থেকে অভিনব কায়দায় টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক চক্র। এমন অভিযোগ করেছেন উপজেলার সোনাইছড়ি, মুরাদপুর এবং সৈয়দপুরের তিনব্যক্তি।

Advertisement

জানা যায়, গত কয়েকদিন ধরে চট্টগ্রাম জেলা খাদ্য বিভাগের অফিসার পরিচয় দিয়ে তানভীর হাসান (মোবাইল-০১৩৩৭৫৭৩৬৩৮) এবং এস এম মাসুদ (মোবাইল-০১৭৫৬৮৬২৩৮৯) নামে দুই ব্যক্তি সীতাকুণ্ড উপজেলার পানিবন্দি বিভিন্ন মানুষকে নগদ ১০ হাজার টাকা এবং খাদ্য সামগ্রী দিবে বলে প্রথমে ৫ জন করে নাম দিতে বলেন। তারপর প্রত্যেক ওয়ার্ড থেকে আরো ২০ /২৫ জনকেও সহায়তা করা হবে। এর জন্যে আগে তাদের বিকাশ নাম্বারে জনপ্রতি ৪২০ করে অফিস খরচ পাঠাতে হবে। তাদের এমন কথা বিশ্বাস করে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের যুবক সোহেল এলাকার বিভিন্ন পানিবন্দি ও দুস্থ মানুষের কাছ সংগ্রহ করে ১৬ হাজার দুইশত টাকা, মুরাদপুর ইউনিয়নের ফারুক ৬ হাজার তিনশ এবং সৈয়দপুরের মানিক ৬হাজার তিনশ টাকাসহ মোট ২৯ হাজার টাকা ওই প্রতারক চক্রের মোবাইলে পাঠাই। এরপর থেকে ওই প্রতারক চক্রের দুইটি নাম্বার বন্ধ পাওয়া যায়।

এব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরী) চট্টগ্রাম এর রাজীব কুমার দে বলেন, চট্টগ্রাম জেলা খাদ্য বিভাগের অফিসে তানভীর হাসান ও এস এম মাসুদ নামে কেউ নাই। এরা প্রতারক। আমাদের অফিস থেকে এভাবে ত্রাণ দেওয়ার কোন সুযোগ নেই। খাদ্য অফিস থেকে যে ত্রাণ দেওয়া হয় সেটা জেলা প্রশাসকের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারকে হস্তান্তর করা হয়। একটি প্রতারক চক্র এ দূর্যোগ সময়ে সুযোগ নিয়ে প্রতারণা করে যাচ্ছে। এব্যাপারে সবাইকে সর্তক থাকতে হবে।

Advertisement