সীতাকুণ্ড প্রতিনিধি: ত্রাণ নিয়ে চট্টগ্রামের ভাটিয়ারী থেকে দূর্গত এলাকা বাঁশখালীতে যাওয়ার সময় চাঁদাদাবী করে না পেয়ে দূর্গত মানুষের ঔষধ ড্রেনে ফেলে দিয়ে ত্রাণ লুটপাট এবং সেচ্ছাসেবকদের মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে।
এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও জনতা সমন্বয় পরিষদ (এসটিপি এসোসিয়েশন) নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।
রোববার দুপুর ১২টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মোঃ রবিন। তিনি বলেন, আমাদের সংগঠনটি একটি মানবিক ও সেচ্ছাসেবী সংগঠন। আমরা দেশের যেকোন দুর্যোগকালে দেশের বিভিন্ন স্থানে মানবতার সেবায় নিয়োজিত থাকি। তারই ধারাবাহিকতাই নিজেদের তহবিল এবং মানুষ থেকে সংগ্রহ করা আর্থিক অনুদান এবং ওষুধ পত্র নিয়ে বাঁশখালী এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার সময় ভাটিয়ারী স্টেশন রোড এলাকার ৪ নং ওয়ার্ডের নিয়াজ গাজীর বাড়ি প্রকাশ কাটুইজ্জে বাড়ির রানা ও তার ভাই হারুনসহ ৮/১০ মাদক কারবারি আমাদের পথ আটকে ত্রাণ নিয়ে যেতে পারবে না বলে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। না দিলে এখান থেকে ত্রাণ নিয়ে যেতে দেবো না। টাকা দিতে রাজি না হলে হাত থেকে ওষুধের বাক্স কেড়ে নিয়ে ড্রেনের ময়লা পানির মধ্যে ফেলে দেয়। এ সময় প্রতিবাদ করলে রানা ও হারুনসহ অন্যরা মিলে আমাদের উপর হামলা করে সাথে থাকা চল্লিশ হাজার টাকা নিয়ে যায়। এ সময় আমাদের কয়েকজন মারাত্মক আহত হন। চিৎকার শুনে স্থানীয় কয়েকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
এলাকার স্থানীয়রা জানান, রানা ও তার ভাই হারুনসহ একটি মাদকের সিন্ডিকেটের সদস্য। এর আগেও তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাদের নামে থানায় মামলাও রয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও অপরাধীদের দ্রুত গ্রেফতারের জন্যে প্রশাসনের বরাবরে অনুরোধ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইরফান, মোঃ শাফায়াত মোঃ সরওয়ার, মোঃ ইমরান, মোঃ জিহাদ, মোঃ রবি, মোঃ আশরাফুল এবং মোঃ মুরাদসহসহ সংগঠনের বিভিন্ন সদস্যবৃন্দ।

















