জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে সীতাকুণ্ডে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের গণমিছিল

48

সীতাকুণ্ড প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আয়োজনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বুধবার (৫ আগস্ট) বিকাল ৪টায় পৌরসদরের উত্তর বাজার থেকে বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়। উত্তর বাজার হতে শুরু হয়ে পৌর সদর পদক্ষিণ করে বিজয় র‍্যালি পৌরসভার আলিয়া মাদ্রাসার সামনে এসে সমাবেশে মিলিত হয়। গণমিছিলে জামায়াত সমমনা ১১ দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ অংশ নেয়।

জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবী জানান।

গণমিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। ভবিষ্যতে দেশে কোনো ধরনের স্বৈরাচার বা ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ তা প্রতিহত করবে। বর্তমান সরকার জুলাই সনদের বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসলেও তা বাস্তবায়ন করেনি। তাদের আচরণে মনে হচ্ছে এক ফ্যাসিবাদ বিদায় হলেও আরেক নব্য ফ্যাসিবাদের জন্ম হয়েছে। আওয়ামী লীগ সরকারের দীর্ঘস্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যে সাহসী গণপ্রতিরোধ গড়ে তুলেছিল, তা দেশের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। প্রায় ২ হাজার শহীদ এবং প্রায় ৩০ হাজার আহত মানুষের রক্তের বিনিময়ে আমরা আজকে এই দিনে ফ্যাসিবাদ সরকারকে বিতাড়িত করেছিলাম। ভবিষ্যতে যেন এই ফ্যাসিবাদ দেশে আর ফিরে না আসে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সজাগ দৃষ্টি রাখতে হবে।

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত থানা আমীর মো: তাহের এর সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা আমীর মো: আলাউদ্দিন সিকদার, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, সাবেক থানা আমীর মাওলানা তাওহীদুল হক চৌধুরী, পৌর আমীর হাফেজ আলি আকবর, পৌর সেক্রেটারি মাহামুদ জুয়েল, এডভোকেট হোসাইন মোঃ আশরাফ, জামায়াতের মিডিয়া বিভাগের সভাপতি মো: আবুল হোসেন, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মেজবাউল আলম রাসেল, এডভোকেট আশরাফুর রহমান, এনসিপর উপজেলা আহব্বায়ক এডভোকেট আনোয়ার খোকন এবং সাবেক সমন্বয়ক মো: আসাদ।

Advertisement