বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় অনুদান দিয়েছেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি)।
অদ্য সোমবার (১০ আগস্ট) সকালে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের কাছে এ চেক হস্তান্তর করেন সিইআইটিসি’র ম্যানেজিং ট্রাস্টি ডা.কিউ.এম.অহিদুল আলম। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চক্ষু হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেন।
চেক হস্তান্তরকালে ম্যানেজিং ট্রাস্টি ডা.কিউ.এম.অহিদুল আলম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে এই অনুদান শুধু আর্থিক সহায়তা নয়, দুর্গত মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতারও বহিঃপ্রকাশ।
সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেন বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার পাশাপাশি দুর্গত মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে সক্ষম হব।
মানবিক এই সহায়তার জন্য চট্টগ্রাম চক্ষু হাসপাতালকে কৃতজ্ঞতা জানিয়ে ভূমি প্রতিমন্ত্রী বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দুর্যোগ মোকাবেলার শক্তিকে আরও সুসংহত করছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় ভূমি প্রতিমন্ত্রী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, বন্যার্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার শুরু থেকেই তৎপর রয়েছে। তিনি চট্টগ্রাম চক্ষু হাসপাতালের এই সহায়তা বন্যাকবলিত মানুষের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

















