সীতাকুণ্ড প্রতিনিধি:চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকান্ডে ৬ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৯ টার দিকে পৌরসভার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে আমিরাবাদ এলাকায় এই আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে আনুমানিক ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার।
খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সুত্রে জানা যায়, রাত ৯ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে আসলেও তার আগে ৬টি বসতঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরের ভিতরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আহাম্মেদ হুসাইন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুনের সূত্রপাত ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিক জানা যায়নি।
এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িতে পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম।
এছাড়া সকালে জামায়াতের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৪ আসনের এমপি প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলি, সাবেক উপজেলা আমীর মাওলানা তাওহীদুল হক চৌধুরী, ভারপ্রাপ্ত আমীর মো. তাহের, তৌহিদুল হক চৌধুরী, পৌরসভার সেক্রেটারি মাহমুদ জুয়েল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মেজবাউল আলম রাসেল, পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহমুদ করিম, মো. আজাদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে দুপুরে পৌরসভা যুবদলের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মোরছালিন, আহবায়ক ডা কমল কদর, যুগ্ম আহ্বায়ক মো. সালামত উল্লাহ, ছালে আহমেদ ছলু, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
















