সীতাকুণ্ডে পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ শেষ হওয়ার পরও জাহাজ কাটার কাজ চালিয়ে যাওয়ায় ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার (১৯ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের শুনানিতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
একইসঙ্গে ছাড়পত্র নবায়ন না হওয়া পর্যন্ত ইয়ার্ডে জাহাজ কাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন জানান, ছাড়পত্রের মেয়াদ শেষ হওয়ার পরও জাহাজ কাটার কার্যক্রম চালিয়ে যাওয়ার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর বিভিন্ন ধারায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের পরিবেশগত ছাড়পত্রের কার্যকারিতা শেষ হয় ১২ আগস্ট। এরপরও প্রতিষ্ঠানটির ইয়ার্ডে ‘এমটি রাসি’ নামের একটি পুরোনো জাহাজ কাটার কাজ চলছিল।
এর মধ্যে ১৪ আগস্ট ওই জাহাজে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ইয়ার্ডটি পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তরের একটি দল।
পরে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের শুনানিতে ডাকা হয়। শুনানি শেষে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে এনভায়রনমেন্টাল ড্যামেজ অ্যাসেসমেন্ট পদ্ধতিতে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। নির্ধারিত অর্থ সাত কর্মদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করা পর্যন্ত এমটি রাসি’র কাটিং বন্ধ রাখতে বলা হয়েছে।পাশাপাশি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে মামলা করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

















