হাটহাজারী প্রতিনিধি: ‘শিশু আর থাকবে নাকো সহিংসতার ঝুঁকিতে, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আছে তাদের সাথে’-এই স্লোগানকে সামনে রেখেই চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে অবস্থিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের ১১ জন এসএসসি পরীক্ষার্থীর জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ ২০ আগস্ট বৃহস্পতিবার পুনর্বাসন কেন্দ্রের মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠান, মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা সমাজসেবা অফিসার মুজাহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আইয়ুব।
চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতারের সভাপতিত্বে ও আউটরিচ ওয়ার্কার বিপুল চন্দ্র পালের উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন নিবাসী শিশু মোঃ নাঈম। এরপর কেন্দ্রের আশ্রয় পাওয়া এক সময়কার সুবিধাবঞ্চিত ১১জন উত্তীর্ণ এসএসসি পরীক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। কেন্দের অসামান্য ফলাফলের সাফল্যে প্রধান অতিথিসহ সকলেই ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, প্রধানমন্ত্রীর ‘সবার আগে বাংলাদেশ’ প্রত্যয়ের আলোকে শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। তারই ধারাবাহিকতার বহিঃপ্রকাশ ঘটেছে এই আয়োজনের মাধ্যমে।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

















