বিলুপ্ত করা চট্টগ্রাম মহানগর যুবদল এবং মহানগরের অধীন সব থানা ও ওয়ার্ড যুবদলের কমিটি পুনর্বহাল করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়ার সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশে চট্টগ্রাম মহানগর এবং এর অধীন সব থানা ও ওয়ার্ড যুবদলের পূর্বে বিলুপ্ত কমিটি পুনর্বহাল করা হয়েছে। ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
এর আগে বিভিন্ন কারণে চট্টগ্রাম মহানগর যুবদল এবং এর অধীন থানা ও ওয়ার্ড পর্যায়ের কমিটি বিলুপ্ত করা হয়েছিল। নতুন সিদ্ধান্তের ফলে এসব কমিটি পুনরায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ পেল।
সূত্র জানায়, ২০১৮ সালের ১ জুন মোশাররফ হোসেন দীপ্তিকে সভাপতি ও মোহাম্মদ শাহেদকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর যুবদলের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
একই বছরের ৪ অক্টোবর কমিটির আকার বাড়িয়ে ২৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করা হয়।
পরে ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর মেয়াদোত্তীর্ণ হওয়ায় মহানগর কমিটির পাশাপাশি আওতাধীন থানা ও ওয়ার্ড কমিটিও বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্র।
















