মুশফিকুর আবরার: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন নিয়োগের সিলেকশন বোর্ড পুনর্গঠন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্ষদে নির্বাচিত প্রতিনিধিত্ব নিশ্চিত করাসহ দুই দফা দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ (সাদা দল)।
গত ৭ অক্টোবর ২০২৬ সকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে উপাচার্য মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করে সাদা দলের একটি প্রতিনিধি দল এই দাবিগুলো তুলে ধরে। সাক্ষাৎকালে শিক্ষক নেতারা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের গভীর উদ্বেগ ও মতামত প্রকাশ করেন।
সাক্ষাৎকালে সাদা দলের প্রতিনিধিরা অভিযোগ করেন যে, ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অ্যাক্টের বিধান লঙ্ঘন করে সাম্প্রতিক সময়ে কিছু প্রভাষক ও সহকারী অধ্যাপক নিয়োগের জন্য যে বোর্ড গঠন করা হয়েছে, তা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।
তারা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে অনুসৃত রীতি অমান্য করে সংশ্লিষ্ট বিষয়ের প্রতিথযশা বিশেষজ্ঞদের নির্বাচনী বোর্ড থেকে বাদ দেওয়া হয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে সুনির্দিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ না হওয়া সত্ত্বেও কাউকে কাউকে বোর্ডে স্থান দেওয়া হয়েছে। এই অবস্থায় বিদ্যমান সিলেকশন বোর্ডগুলো দ্রুত পুনর্গঠন করে সংশ্লিষ্ট বিষয়ের প্রকৃত বিশেষজ্ঞ সদস্যদের অন্তর্ভুক্ত করার জন্য তারা উপাচার্যের প্রতি জোর আহ্বান জানান। একই সাথে, এই বোর্ডগুলো সঠিকভাবে পুনর্গঠন না হওয়া পর্যন্ত চলমান সকল নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার অনুরোধ করেন শিক্ষক নেতারা।
নিয়োগ প্রক্রিয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক গণতান্ত্রিক পরিবেশ নিয়েও আলোচনা হয় এই বৈঠকে।
সাদা দলের শিক্ষকেরা বলেন, দেশে গণতান্ত্রিক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার বর্তমান প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়েও গণতান্ত্রিক চর্চা ও পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্ষদে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে শিক্ষক প্রতিনিধি নির্বাচন, সিন্ডিকেট নির্বাচন এবং ডিন নির্বাচনসহ বিশ্ববিদ্যালয়ের সকল স্তরে অবিলম্বে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানানো হয়।
তাদের মতে, এর ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক জবাবদিহিতা যেমন বাড়বে, তেমনি গণতান্ত্রিক চর্চাও আরও সুদৃঢ় হবে।
সাদা দলের প্রতিনিধিরা এই দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইতিবাচক ও কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন। তারা স্পষ্ট জানিয়ে দেন যে, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এই দাবিগুলো আদায়ে প্রয়োজনীয় সকল ধরণের গণতান্ত্রিক পদক্ষেপ গ্রহণে সাদা দল সর্বদা সচেষ্ট থাকবে।
উপাচার্য মহোদয় ধৈর্যসহকারে শিক্ষক প্রতিনিধিদের সমস্ত বক্তব্য শোনেন এবং উদ্ভূত বিষয়গুলোতে প্রয়োজনীয় আশু পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। আলোচনা শেষে প্রতিনিধি দলের পক্ষ থেকে উপাচার্যকে ধন্যবাদ জানানো হয়।
উপাচার্যের সাথে এই সাক্ষাৎ ও আলোচনা পর্বে সাদা দলের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন প্রফেসর ড. মোহাম্মদ নেছারুল করিম, প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং প্রফেসর ড. আবু সা’দাত মুহাম্মদ আবদুল মান্নান চৌধুরী।
এছাড়া সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত এই সভায় প্রফেসর ড. বেগম ইসমত আরা হক, প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম এবং প্রফেসর ড. মোহাম্মদ নেয়ামত উল্লাহসহ সাদা দলের শীর্ষস্থানীয় ও সিনিয়র শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।

















