মোহাম্মদ নিবরাজ উদ্দিন তাসিন, চট্টলা নিউজ (নিজস্ব প্রতিবেদক): অক্টোবর সার্ভিস মান্থ উপলক্ষে ‘লিও ক্লাব অব চিটাগং’-এর উদ্যোগে এক বিশেষ সেবামূলক ও শিক্ষামূলক কার্যক্রম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অক্টোবর মাসের প্রথমার্ধে সংগঠনের অন্যতম বৃহৎ এই আয়োজনে ৩০০ জন শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ নানা শিক্ষণীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১:৩০টায় লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন কার্যক্রমের মধ্যে ছিল: বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়: বিদ্যালয়ের ৩০০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ পরীক্ষা এবং কার্ড প্রদান।
মেধা বিকাশ ও পুরস্কার বিতরণ: শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশে গল্প লিখন, গণিত ও কুইজ প্রতিযোগিতা। বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
লিও ক্লাব অব চিটাগং-এর প্রেসিডেন্ট লিও রাজেশ লালা জানান, “শিক্ষার্থীদের মাঝে মানবিক মূল্যবোধ জাগ্রত করা, স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং গঠনমূলক কাজে উৎসাহিত করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
অনুষ্ঠানে লিও ক্লাব অব চিটাগং-এর সম্মানিত নেতৃবৃন্দ ও সদস্যগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দের সম্মিলিত প্রচেষ্টা, সহযোগিতা ও কঠোর পরিশ্রমে পুরো আয়োজনটি অত্যন্ত সুশৃঙ্খল ও সাফল্যমণ্ডিতভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

















