সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকায় যাত্রীবাহী জোনাকি বাসের ধাক্কায় অজ্ঞাত এক যুবক (২৬) নিহত হয়েছেন।
২২ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৬টার সময় ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করেছে।
স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোরে মাদামবিবিরহাট এলাকায় ঢাকামূখী জোনাকি পরিবহনের একটি বাস আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা উক্ত যুবককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয় এলাকাবাসী বাসটি আটক করে।
বার আউলিয়া হাইওয়ে থানার এসআই রইচ উদ্দিন বলেন, জোনাকি পরিবহনের একটি বাসের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম পরিচয় পাওয়া যায়নি। আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেছি। বাসটি আটক করা হয়েছে। মৃত যুবকের নাম পরিচয়ের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

















