ফৌজদারহাটে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির লাইনে তীব্র সংকট: চরম দুর্ভোগে সাধারণ মানুষ

31

এস এফ মুহিত আহমদঃ ​চট্টগ্রামের ফৌজদারহাটসহ আশেপাশের এলাকায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (কেজিডিসিএল) লাইনের গ্যাসে তীব্র সংকট দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে চলা এই সমস্যার কারণে এলাকার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও রান্নাবান্না প্রায় অচল হয়ে পড়েছে।

Advertisement

​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাসজুড়ে গ্যাসের তীব্র অভাব লেগেই রয়েছে। বিশেষ করে প্রতিদিন সকাল ও বিকালের মতো ব্যস্ত সময়ে লাইনে বিন্দুমাত্র গ্যাস থাকছে না। দিনের বেশিরভাগ সময় চুলা না জ্বলার কারণে গৃহিণীরা সময়মতো রান্না করতে পারছেন না। ফলে বাধ্য হয়ে অনেক পরিবারকে অতিরিক্ত মূল্যে এলপিজি সিলিন্ডার কিনতে হচ্ছে কিংবা বিকল্প উপায়ে মাটির চুলায় রান্নার চেষ্টা করতে হচ্ছে।

হঠাৎ করে এই গ্যাস সংকটের পেছনে নির্দিষ্ট কোনো কারণ বা পূর্বঘোষণা না থাকায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের প্রশ্ন— “আমরা কি তবে রান্না ছাড়াই বেঁচে থাকব?”

এ অবস্থায় দ্রুত কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ফৌজদারহাট সহ সাধারণ নাগরিকবৃন্দ। তারা অবিলম্বে লাইনে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করে জনদুর্ভোগ লাঘবের জোর দাবি জানিয়েছেন।

Advertisement