কাতারে আটকে গেল পাকিস্তান দলের লাগেজ, ভারতের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন বাতিল

24

সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধরনের প্রস্তুতিগত সমস্যায় পড়েছে পাকিস্তান ফুটবল দল। ঢাকায় পৌঁছালেও কাতার থেকে দলের লাগেজ না আসায় বুধবার (৪ নভেম্বর) নির্ধারিত অনুশীলন করতে পারেনি দলটি।

Advertisement

কাতার বিমানবন্দরে দলের লাগেজ আটকে থাকায় ঢাকার কিংস অ্যারেনায় নির্ধারিত অনুশীলন সেশন বাতিল করতে হয় পাকিস্তানকে। ফলে টুর্নামেন্টের প্রথম ম্যাচের আগে মাঠে অনুশীলনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে দলটি।

আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা ম্যাচটি। এটি এবারের সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ।

এদিকে পাকিস্তান দলের পূর্ণাঙ্গ স্কোয়াডও এখনো ঢাকায় পৌঁছায়নি। কয়েকজন প্রবাসী ফুটবলারকে ছাড়াই টুর্নামেন্ট শুরু করতে হচ্ছে দলটিকে।

প্রস্তুতিতে এমন বাধা এলেও ভারতের বিপক্ষে ভালো লড়াইয়ের প্রত্যয় জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক আলমগীর গাজী। একই সঙ্গে বাংলাদেশের দর্শকদের সমর্থনও প্রত্যাশা করেছেন তিনি।

উল্লেখ্য, এবারের সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তান, ভারত ও মালদ্বীপ রয়েছে ‘বি’ গ্রুপে। অন্যদিকে স্বাগতিক বাংলাদেশ, ভুটান ও শ্রীলঙ্কা রয়েছে ‘এ’ গ্রুপে।

Advertisement