সাতকানিয়া প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতকানিয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম গতকাল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সাতকানিয়া কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. অলিউল্লাহ রাহাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণের সভাপতি ডি.এম. আসহাব উদ্দিন, ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন এবং চাকসুর সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবাইদুল্লা সালমান।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ক্যারিয়ার গাইডলাইনমূলক বক্তব্যে বক্তারা বলেন, একাদশ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে। একাডেমিক পড়াশোনায় ভালো ফলাফলের পাশাপাশি বর্তমান বিশ্বের সাথে তাল মেলাতে প্রযুক্তিগত ও ব্যবহারিক দক্ষতা অর্জন, সময়ের যথাযথ ব্যবহার এবং নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পরিকল্পিত প্রস্তুতির মাধ্যমেই কেবল কাঙ্ক্ষিত কর্মজীবনে সফলতা অর্জন সম্ভব।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে কলেজে যাতায়াত ও আবাসন সংকটের বিষয়টি তুলে ধরা হয়। এ সময় শিক্ষার্থীরা দূর-দূরান্ত থেকে যাতায়াতের ভোগান্তি লাঘবে কলেজের জন্য নিজস্ব পরিবহন (বাস) এবং আবাসিক হোস্টেল প্রতিষ্ঠার জন্য প্রধান অতিথির কাছে জোর দাবি জানান।
অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা উপকরণ দিয়ে বরণ করে নেওয়া হয়। এতে কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ও ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

















