সীতাকুণ্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৫, ঘরে ভাংচুর, অগ্নিসংযোগ

97

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হওয়ার ঘটানা ঘটেছে। এ ঘটনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো: নূর ইসলাম, মো: আনোয়ার ও মো: নজরুল ইসলাম নামে তিনজন মারাত্মক জখম হন। তাদেরকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

বুধবার রাত আটটার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট সংলগ্ন সানমার আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণকাজের জন্য বাঁশ ও কাঠ রাখাকে কেন্দ্র করে জনৈক নূর ইসলামের সঙ্গে প্রতিবেশী মোহাম্মদ আলম ও তার পুত্র মাসুমের সাথে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। মোহাম্মদ আলম ও তার ছেলে নূর ইসলাম, আনোয়ার ও নজরুল ইসলামের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এতে তারা গুরুতর আহত হন। আহতদের মধ্যে আনোয়ারের অবস্থা আশঙ্কাজনক। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে এ ঘটনার পর হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত মোহাম্মদ আলম ও তার পুত্রকে গণধোলাই দেয় এবং বাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়। একপর্যায়ে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এসময় বাসার নিচে থাকা দুইটি প্রাইভেট কারও ভাংচুর করা হয়।

স্থানীয় যুবক মো: লোকমান বলেন, নির্মাণকাজের জন্য বাঁশ ও কাঠ রাখাকে কেন্দ্র করে নূর ইসলামের সঙ্গে প্রতিবেশী মোহাম্মদ আলম ও তার পুত্র মাসুমের সাথে কথা-কাটাকাটি হয়। এটি মিমাংসা করার জন্যে সবাই আলোচনায় বসে। একপর্যায়ে আলমের ছেলে মাসুম হঠাৎ ধারালো ছুরি নিয়ে তেড়ে আসে। এ সময় তা সংঘর্ষে রূপ নেয়। মোহাম্মদ আলম ও তার ছেলে নূর ইসলাম, আনোয়ার ও নজরুল ইসলামের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এতে তারা গুরুতর আহত হন। সামান্য বিষয়টিকে তারা বড় ঘটনায় রূপ দেয়। পরে বিক্ষুদ্ধ জনতা আলমের ঘরে হামলা চালায়।

মোঃ আলমের স্ত্রী মাসুমা বেগম বলেন, বাসার সামনে বাঁশ ও গাড়ি রাখা নিয়ে আমাদের পরিবারের সাথে প্রতিবেশির কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রতিপক্ষরা আমার স্বামী, ছেলে এবং আমার ননদকে মেরে মারাত্মক জখম করে। প্রতিপক্ষেরও তিনজন আহত হন। এসময় তাদের একজন মারা গেছে বলে গুজব ছড়িয়ে আমার একতলা দুইতলা ঘরে ব্যাপক ভাংচুর চালিয়। ঘরের কোন জিনিস নাই তারা ভাঙেনি। একসাথে প্রায় একশ মানুষ ঘরে ঢুকে তান্ডব চালায়। দুইটি কার ভাংচুর করে। আলমারি থেকে ৬০ ভরি স্বর্ণ এবং নগদ তিরিশ লাখ টাকা নিয়ে যায়। এরপর তারা ঘরে আগুন ধরিয়ে দেয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, নির্মাণকাজের সামগ্রী রাখা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে হামলা চালিয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement