সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দক্ষিণ জেলা ছাত্রদল নেতা নয়নকে অব্যাহতি

51

চট্টলা নিউজ ডেস্ক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়নকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Advertisement

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এ সিদ্ধান্ত নেয়। সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শেখ মোহাম্মদ হোসেন নয়নকে তাঁর সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি কেন্দ্রীয় সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এস এম নয়ন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে তাঁর বলে প্রচারিত একটি ব্যক্তিগত ভিডিও কলের দৃশ্য ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

তবে ছাত্রদলের কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে অব্যাহতির কারণ হিসেবে নির্দিষ্টভাবে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।

Advertisement