চট্টলা নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে নির্মাণকাজের সেন্টারিংয়ের মালামাল রাখা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন ছুরিকাঘাতে আহত হয়েছেন। এ ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত পক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকার শাহ আমানত পাম্পসংলগ্ন সানমার কলোনিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণকাজের জন্য বাঁশ ও কাঠ রাখাকে কেন্দ্র করে নূর ইসলামের সঙ্গে প্রতিবেশী মোহাম্মদ আলমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, মোহাম্মদ আলম ও তাঁর অনুসারীরা ধারালো অস্ত্র নিয়ে নূর ইসলাম, আনোয়ার ও নজরুল ইসলামের ওপর হামলা চালান। এতে তাঁরা তিনজন আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে আনোয়ারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে সংঘর্ষের ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত মোহাম্মদ আলমের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। একপর্যায়ে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, নির্মাণকাজের সামগ্রী রাখা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অভিযুক্তসহ তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে হামলা চালিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

















