ফকির পাড়ায় অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন অলস্টার ফুটবল একাদশ

55

​সাতকানিয়া প্রতিনিধি: “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল মাদক ছেড়ে, মাঠে চল”এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৫নং ছদাহা ইউনিয়নের ৬নং ওয়ার্ড ফকির পাড়ার উদ্যোগে আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় একটি মাঠে অলস্টার ফুটবল একাদশ ও কিং এফসি ফুটবল একাদশের মধ্যে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

Advertisement

​দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। দীর্ঘক্ষণ প্রতিদ্বন্দ্বিতার পর কিং এফসি ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অলস্টার ফুটবল একাদশ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

​ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন নজির আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ১৫নং ছদাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মোরশেদ।

​এছাড়াও উপস্থিত ছিলেন ছদাহা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছাবের, ছদাহা ৬নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ আবছার উদ্দিন ও মোহাম্মদ মনজুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ।

​পুরস্কার বিতরণকালে অতিথিরা বলেন, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত এমন টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে এলাকার তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে এবং সুস্থ সমাজ গঠনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Advertisement