রামুতে উচ্ছেদ অভিযানে হামলা, আহত ৮ বনকর্মী

300

কক্সবাজারের রামুতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে দখলদারদের হামলায় ৮ বনকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

Advertisement

শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টায় উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুরাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা তৌহিদুল ইসলাম।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে জোয়ারিয়া নালা রেঞ্জ এলাকার বনের জায়গা দখল করে ছিল দুর্বৃত্তরা। তাদের বার বার উচ্ছেদের পরও ফের দখল করে বসতি গড়ে তোলে। শনিবার সকালে মুরাপাড়া এলাকায় বন বিভাগের জায়গায় উচ্ছেদ অভিযানে যায় আমরা। তখন হঠাৎ একদল ভূমিদস্যু আমাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এবং লোহার অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়।

তিনি জানান, এতে আহত হন জোয়ারিয়ানালার রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ, পিএমখালী রেঞ্জ কর্মকর্তা আব্দুল জব্বার, বনবিভাগের বিশেষ টহল দলের ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আতাহার এলাহী ও বন প্রহরী বাসু দেবসহ ৮ জন। পরে রামু থানা পুলিশ সেখানে গিয়ে স্থানীয়দের সহাযোগিতায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে গুরুতর আহত তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, ওই এলাকায় বন বিভাগের জায়গায় একটি পোল্ট্রি ফার্ম ছিল। সেখানে অভিযান চালাতে যান বন কর্মকর্তারা। তখন ওই ফার্মের মালিক তার লোকজন নিয়ে হামলা চালায়।

রামুর নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা বলেন, বনবিভাগের লোকজনের উপর হামলার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। তাদের আটক করার চেষ্টা চলছে।

Advertisement