জমির ও ইসহাকের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নিন্দা মীর হেলালের

359

বিগত ২৯ মার্চ চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিনা উস্কানিতে নেতাকর্মীদের উপর পুলিশের অতর্কিত হামলার ঘটনায় নগরীর কোতোয়ালী থানার দায়ের করা দুইটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় হাই কোর্টের জামিনে থাকা চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ ও সহ সাংগঠনিক সম্পাদক ইসহাক খানের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছে মহানগর দায়রা জজ আদালত।

Advertisement

একই মামলায় জামিন লাভ করেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ সহ ৯ জন নেতাকর্মী।

আজ রবিবর (২১ নভেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে নেতাকর্মীরা স্বশরীরে হাজির হলে মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান তাদের এই আদেশ দেন।

আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এড. মফিজুল হক ভুইয়া, এড. নাজিম উদ্দীন চৌধুরী, এড. সিরাজুল ইসলাম, এড. নেজাম উদ্দীন খান, এড নাজমুল হাসান ছিদ্দিকী।

এদিকে জমির উদ্দিন নাহিদ ও ইসহাক খানের হাইকোর্টের জামিন বাতিল করে জেলহাজতে প্রেরণ করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল।

আজ এক বিবৃতিতে তাদের গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ব্যারিস্টার মীর হেলাল বলেন, এই অবৈধ হাসিনা সরকার একদিকে আওয়ামী লীগের নেতা কর্মীদের লুটপাটের নিরাপত্তা নিশ্চিত করছে, অন্যদিকে দেশের গণতন্ত্র রক্ষায় সচেষ্ট বিএনপির নেতা-কর্মীদের বিভিন্ন মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে কারাগারে প্রেরণ করছে। দ্রব্য মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি ও লুটপাটের চিত্র আড়াল করতে বিরোধী মতের উপর হামলা, মামলা, নির্যাতন ও কারান্তরীণ করে এই সরকারের শেষ রক্ষা হবে না।

তিনি আরো বলেন, সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে নিজেদের অস্তিত্ব সংকটে আছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁকে সুচিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সুযোগ দিচ্ছে না।

তিনি অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সুযোগ দেওয়ার দাবি জানান এবং গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান।

Advertisement