চট্টগ্রামে আসছে স্টার সিনেপ্লেক্স, দ্যা কাসাব্ল্যাঙ্কার সঙ্গে চুক্তি সাক্ষর

538

দেশের বাণিজ্যিক রাজধানীখ্যাত চট্টগ্রাম নগরীতে একটি মাল্টিপ্লেক্স সিনেমা হল ছিলো সময়ের দাবি। এবার সেই দাবি পূরণ হতে যাচ্ছে। নতুন বছরে চট্টগ্রামে চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা।

Advertisement

চট্টগ্রাম শহরের চকবাজার এলাকায় নবাব সিরাজউদ্দোলা বালি আর্কেড শপিং কমপ্লেক্সে নির্মিত হবে এই মাল্টিপ্লেক্স সিনেমা হল।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন শো মোশন লিমিটেড-এর চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল এবং দ্য ক্যাসাব্লাঙ্কা লিমিটেডের চেয়ারম্যান আফতাব আলম।

আগামী বছরের মাঝামাঝি সময়ে মাল্টিপ্লেক্সটি চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানান মাহবুব রহমান রুহেল।

সুপরিসর এই মাল্টিপ্লেক্সে তিনটি হল থাকবে। আসন সংখ্যা হবে প্রায় ৪০০ (চার শত)। বরাবরের মত নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে হলগুলো নির্মিত হবে বলে জানান তিনি। দেশে একের পর এক সিনেমা হল বন্ধের খবরে যে হতাশা তৈরি হচ্ছে তার বিপরীতে স্টার সিনেপ্লেক্সের এমন উদ্যোগ নতুন আশার সঞ্চার করছে।

মাহবুব রহমান রুহেল বলেন, ‘দেশব্যাপী অনেকগুলো সিনেমা হল নির্মাণের পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলাম আমরা। ধারাবাহিকভাবে সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। দেশের সিনেমা ইন্ডাস্ট্রির প্রসারে এই উদ্যোগ অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘চট্টগ্রামে প্রচুর সিনেমাপ্রেমী দর্শক রয়েছেন যারা স্টার সিনেপ্লেক্সের মত একটি মাল্টিপ্লেক্স প্রত্যাশা করেন। আমি নিজে চট্টগ্রামের মানুষ। অনেকেই আমাকে তাদের চাওয়ার কথা বলেছেন। বলা চলে, চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি এটি। এই দাবি পূরণের কাজটি আরও আগেই করতে চেয়েছিলাম। নানা কারণে হয়ে ওঠেনি। এবার কাজটি করতে পারছি বলে আমি আনন্দিত।’

Advertisement