কন্যা সন্তানের মা-বাবা হলেন তিশা-ফারুকী

612

দেশের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দম্পতির ঘর আলোকিত করে এলো কন্যা সন্তান।

Advertisement

বুধবার রাত ৮টা ২৭ মিনিটে কন্যাসন্তানের জন্ম দেন অভিনেত্রী তিশা। মা-মেয়ে দুজনই ভালো আছেন।

অভিনেত্রী তিশা তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ‘আজ রাত ৮.২৭ মিনিটে সে ঈশ্বরের বাগান থেকে মা-বাবার নীড়ে নিরাপদে এসেছে। আলহামদুলিল্লাহ! দুজনেই ভালো আছি।’

নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী দুইজনের নামের সঙ্গে মিল রেখে কন্যার নাম রেখেছেন ইলহাম নুসরাত ফারুকী। নবজাতকের ছবি শেয়ার করলেও মুখে একটি মিষ্টি স্টিকার যোগ করে দেন তিশা।

বিয়ের এক দশক পার হলেও অভিনেত্রী তিশা ও নির্মাতা ফারুকী কেন সন্তান নিচ্ছেন না- এ নিয়ে বহু আগে থেকেই ছিল নানা গুঞ্জন, নানা প্রশ্ন। অবশেষে সবকিছুরই অবসান হলো।

গত ২৮ ডিসেম্বর অভিনেত্রী তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্বামী ফারুকীর সঙ্গে তোলা দুটি ছবি পোস্ট করেন। সেখানে তিশার বেবি বাম্প একেবারে স্পষ্ট। এটাও বোঝা যায়, তাদের অনাগত সন্তান পৃথিবীতে আসতে আর খুব বেশি দেরি নেই।

ওই ছবি দুটি পোস্ট করে তিশা ক্যাপশনে লিখেন, ‘আলহামদুলিল্লাহ। নতুন বছর, নতুন পরিচয়ের অপেক্ষা। বেশ কিছুদিন ধরে আপনারা জানতে চাচ্ছেন, ‘আমাকে কোথাও দেখা যাচ্ছে না কেন? আমি কেন সবকিছুতে অনুপস্থিত? এই দুইটা ছবিতে নিশ্চয়ই সবকিছুর উত্তর পাচ্ছেন।’

অভিনেত্রী আরও লিখেন, ‘আমি অনুপস্থিত, কারণ আমার জীবনে একটা সুখবর আসন্ন। আমি এবং ফারুকী আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।’

২০০৯ সালে ফারুকী পরিচালিত ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক করেছিলেন তিশা। এর পরের বছরই তারা বিয়ে করেন। তার আগে পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন তিশা-ফারুকী। ২০০৫ সালে একটি শুটিংয়ে তিশাকে প্রপোজ করেছিলেন ফারুকী। তিশা তাতে সবুজ সংকেত দেন।

এর পরই শুরু হয় তাদের প্রেমপর্ব। পাঁচ বছর এভাবে চলার পর ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন তিশা ও ফারুকী। গত বছর দশম বিবাহবার্ষিকীতে এসব অজানা কথা তারা নিজেরাই ফাঁস করেন একটি টিভি সাক্ষাৎকারে। চলতি বছরের ১৬ জুলাই তিশা-ফারুকীর দাম্পত্য জীবনের ১১ বছর পূর্ণ হয়ে এক যুগে পড়েছে।

Advertisement