চট্টগ্রাম কারাগারের ২ হাজতির মৃত্যু

717

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের দুই হাজতির মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ এপ্রিল) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তাদের মৃত্যু হয়।

Advertisement

তারা হলেন- চন্দনাইশের ধোপাছড়ি ইউনিয়নের চিরিংঘাটা ৮ নম্বর ওয়ার্ডের মৃত কবির আহম্মদের ছেলে মো. রফিক উদ্দিন (৫৪)। একই থানার হাছনদন্ডি এলাকার আহমদ কবিরের ছেলে মো. বাবুল মিয়া (৩৪)।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ভোরে চট্টগ্রাম কারাগারে অসুস্থ হয়ে পড়েন হাজতি মো. রফিক উদ্দিন। ভোর ৫টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস সেন্টারে আনা হলে ১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টা ৩৭ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চন্দনাইশ থানার একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাবন্দি ছিলেন।

তিনি আরও জানান, ভোরে কারাগারে মো. বাবুল মিয়া নামের আরেক হাজতি অসুস্থ হয়ে পড়লে ভোর ৬টার দিকে তাকেও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চন্দনাইশ থানার একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে গত ১৮ নভেম্বর থেকে তিনি কারাবন্দি ছিলেন।

Advertisement