সাংস্কৃতিক এবং সামাজিকতায় শাপলা সাংস্কৃতিক সংঘ অনন্য: মেয়র

281

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন সাংস্কৃতিক এবং সামাজিকতায় শাপলা সাংস্কৃতিক সংঘ অনন্য। তিনি শনিবার (৮ জুলাই ২০২৩ইং) রাত্রে নগরীর বন্দর থানাধীন ৩৮নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড, ১নং সাইটস্থ সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শাপলা সাংস্কৃতিক সংঘের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উক্ত মন্তব্য করেন।

Advertisement

এ সময় চসিক মেয়র বলেন হাঁটি হাঁটি পা করে একটি সংগঠন ৫০ বছর পার করা মোটেও চাট্টিখানি কথা নয়। একটি সংগঠনের আদর্শ এবং উদ্দেশ্য কত মহৎ থাকলেই ৩৮নং ওয়ার্ডের মতো জনবহুল এলাকায় একটি সংগঠন এতো জাঁকজমকপূর্ণভাবে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান পালন করতে পারে। আমি আরো অবাক হয়েছি, যখন জেনেছি এ সংগঠনের ভবন এবং সম্মূখস্থ মাঠটি তাদের নিজেদের অর্থায়নে ক্রয়কৃত। আমি দীর্ঘক্ষণ শাপলা সাংস্কৃতিক সংঘের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে তাদের কর্মকর্তাদের কাছ থেকে বিশদ বিবরণ পেয়েছি। বর্তমান অস্থির একটি সময়ে যখন আমরা দেখতে পাই তরুনরা ফেসবুক কিংবা অনলাইনে ঘন্টার পর ঘন্টা অযথা সময় ব্যয় করে, যখন দেখি এলাকায় তরুনরা তুচ্ছ কথায় মারামারিতে লিপ্ত হয়, যখন দেখি পাড়ায় পাড়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত। ঠিক সেরকম একটি সময়ে শাপলা সাংস্কৃতিক সংঘ তাদের সদস্যদের নিয়ে সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকান্ডে নিজেদের জড়িয়ে রেখেছে তা সত্যিই প্রশংসার দাবীদার। তাছাড়া সংগঠনের সদস্যদের জন্য সেখানে রয়েছে কম্পিউটার শিক্ষা, অনলাইন জগতে প্রবেশের সুযোগ, রয়েছে বিনোদন এবং শরীর চর্চার ব্যবস্থা। এসব বিষয়গুলো আমার মনে খুবই দাগ কেটেছে বলে উল্লেখ করেন চসিক মেয়র। তিনি শাপলা সাংস্কৃতিক সংঘের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং যেকোন কর্মকান্ডে সংঘটনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া শাপলা সাংস্কৃতিক সংঘটি যে এলাকায় অবস্থিত সে এলাকার উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন চসিক মেয়র।

সংগঠনের সাবেক সভাপতি অনুপ কুমার দাশের সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক লিংকন দে সান্টুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও মহিলা কাউন্সিলর আফরোজা কালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী, এছাক গ্রুপ অব কোম্পানীজ লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক সমাজসেবক মোহাম্মদ আলী, শহর সমাজসেবা প্রকল্প সমন্বয় পরিষদ-২ এর সহ-সভাপতি মোরশেদ আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক স্বরবিন্দু দে, মানবেন্দ্র দে, সংগঠনের বর্তমান সভাপতি উত্তম দত্ত ঝুনু, সাধারণ সম্পাদক অশোক কুমার চৌধুরী, সহ-সভাপতি প্রিয়লাল দে, সংগঠনের প্রধান পৃষ্টপোষক দোলন কান্তি শর্মা, রাজীব দত্ত, স্বরূপ দত্ত রাজু, উজ্জ্বল দেবনাথ, নিউটন দে, সুমন শর্মা প্রমূখ।

কেক কেটে এবং আতশ বাজি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সংগঠনের সুবর্ণ জয়ন্তীর শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

আলোচনা সভা শেষে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত মিনি বার ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি চসিক মেয়রকে সম্মাননা স্মারক প্রদান করেন সংগঠনের কর্মকর্তবৃন্দ।

সুবর্ণ জয়ন্তীতে এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গসহ সংগঠনের কর্মকর্তাবৃন্দ এবং সকল স্তরের সদস্য সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement