সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরে বৃহস্পতিবার অভিযান শেষে ফেরার পথে অবৈধ দখলদারদের হামলায় ঘটনায় দুইটি মামলা দায়ের হয়েছে। সীতাকুণ্ড থানার পুলিশের পক্ষ থেকে গতকাল মামলা দুইটি দায়ের করা হয়। দুইটির মধ্যে একটি বিস্ফোরক আইনে এবং আরেকটি পুলিশের কাজে বাঁধা, হামলা ও ইটপাটকেল নিক্ষেপ।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক এসআই শওকত হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলায় এজাহারীয় আসামী ৩৪ জন এবং অজ্ঞাত আসামী তিনশ/ চারশ নারী পুরুষ। ঘটনার দিন আটক সাগর (২২), মুকবুল (১৯) এবং মনোয়ার বেগম (৫৫) এদের তিনজনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবারের হামলার ঘটনায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। তিনজন আটক আছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চলবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকালে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের ছিন্নমূলের ২নং সমাজের বড়ইতলা এলাকায় ১নং খাস খতিয়ানের বি,এস ৩৬০ এবং ৩৬১ দাগের ১০ একর পাহাড়ি জমি উদ্ধার করে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফেরার পথে অবৈধ দখলদারদের হামলায় আহত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম ও সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদসহ ১০ জন।















