সীতাকুণ্ড প্রতিনিধি: ‘বাংলাদেশ সর্বক্ষেত্রে এগিয়ে গেছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো থেকে শুরু করে সব ক্ষেত্রেই দেশ এখন মডেল। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশকে আরো এগিয়ে নিতে হবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর আসনে বসাতে হবে।
মঙ্গলবার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের এমপি আলহাজ্ব দিদারুল আলম একথা বলেন।
এমপি দিদার আরো বলেন, শেখ হাসিনা এ দেশের মানুষকে নতুন নতুন আলোর দিশা দেখান। সর্বশেষ তিনি এ দেশের মানুষের জন্য সার্বজনীন পেনশন স্কীম চালু করেছেন। এখন সব শ্রেণি পেশার মানুষ তার বৃদ্ধ বয়সের ভরন পোষণ নিয়ে আর চিন্তা করতে হবে না। এভাবেই দেশের মানুষের জন্য তিনি কত কী যে করছেন তা বলে শেষ করা যাবে না।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদেরের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন ছাবেরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, রেহান উদ্দিন, শওকত আলী জাহাঙ্গীর, রেজাউল করিম বাহার, মুনীর আহমেদ, প্রাণী সম্পদ অফিসার ডা. তাহমিনা আরজু, শিক্ষা অফিসার মোঃ নুরুচ্ছোফা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা আলম সরকার, কৃষি অফিসার মোঃ হাবীবুল্লাহ প্রমুখ।
এতে পেনশন স্কীমের উপর ধারণা বক্তব্য রাখেন হিসাব রক্ষন অফিসার বাবলু দাশ। অনুষ্ঠান শেষে বিভিন্ন ষ্টল ও মেলার বিভিন্ন প্রদর্শনীতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
সীতাকুণ্ড প্রেস ক্লাব প্রদর্শনীতে তৃতীয় স্থান অর্জন করায় প্রধান অতিথি সংগঠনের সভাপতি সৌমিত্র চক্রবর্তীর হাতে পুরস্কার তুলে দেন।

















