মিছিলের দখলে মিরসরাই, বিএনপির পথসভা নিয়ে শঙ্কা

186

আশরাফ উদ্দিন, মিরসরাই:::মিরসরাই উপজেলা আওয়ামী লীগের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মিরসরাইয়ের ষোলোটি ইউনিয়ন ও দুইটি পৌরসভায় একযোগে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ও অঙ্গ সংগঠনগুলো।

Advertisement

বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ১৬ টি ইউনিয়ন ও দুইটি পৌরসভায় একযোগে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

অন্যদিকে একই দিনে বিএনপি’র কেন্দ্র ঘোষিত সমাবেশের স্থানে স্টেজ নির্মাণের সরঞ্জাম সরিয়ে নিতে বাধ্য করেছে পুলিশ। একদিকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন গুলোর সতর্ক অবস্থান ও বিক্ষোভ মিছিল অন্যদিকে বিএনপি’র সমাবেশ স্থলে স্টেজ নির্মাণে বাধা বিএনপি’র আগামীকালের সমাবেশকে নিয়ে অনিশ্চয়তা ও শঙ্কা দেখা দিয়েছে।

কিন্তু বিএনপি কেন্দ্রীয় নেতারা সমাবেশের ব্যাপারে অনড় অবস্থানে রয়েছেন। বিএনপির কেন্দ্রীয় নেতা গোলাম আকবর খন্দকার জানান, মিরসরাই উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের সহযোগিতায় তাদের পরামর্শ মোতাবেক মিরসরাই পৌরবাজারের দক্ষিণ পাশে সমাবেশের স্থান নির্ধারণ করা হয়েছিল। সে মোতাবেক সমাবেশের মঞ্চ তৈরি জন্য প্রস্তুতি নিয়েছিল মিরসরাই উপজেলা বিএনপি।

বুধবার (৪ অক্টোবর ) সাড়ে বারোটায় সমাবেশ স্থলে পরিদর্শন করেছি আমরা বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উত্তর জেলার বিএনপি’র নেতৃবৃন্দ ও মিরসরাই উপজেলা বিএনপি এক যোগে। তখনো কোন বাঁধা আসেনি।সমাবেশ স্থলে মঞ্চ নির্মাণের এক পর্যায়ে কোন কারণ ছাড়াই মিরসরাই পুলিশ প্রশাসন সমাবেশ স্থলে মঞ্চ নির্মাণের বাধা সৃষ্টি করে। মঞ্চ স্থাপনের প্রয়োজনীয় সরঞ্জাম সরিয়ে নিতে বাধ্য করা হয়। তাদের এমন দিমুখী আচরণ আমরা আশা করিনি। আমরা এখনো আশা করছি তাদের শুভ বুদ্ধির উদয় হবে। এটি বিএনপি’র কেন্দ্র ঘোষিত কর্মসূচি যে কোন মূল্যে আমরা এটিকে বাস্তবায়ন করবো।

মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, সমাবেশ স্থলের মঞ্চ তৈরীর সরঞ্জাম সরিয়ে নিতে বাধ্য করা হয়েছে মিরেশ্বরাই থানা প্রশাসন থেকে। আমরা এখনো আশাবাদী আমাদের সমাবেশ আগামীকাল তাই মাঝখানে এখনো একটি রাত পড়ে আছে। আশা করছি এর ভিতরে যে কোন একটা বিকল্প ব্যবস্থা হবে। আমাদের আগামীকালের সমাবেশ হবে আমরা এতটুকুই জানি সেটা মঞ্চ থাকতে পারে নাও থাকতে পারে। সমাবেশের জন্য মঞ্চ বাধ্যতামূলক নয়।

অন্যদিকে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ভূঁইয়া বলেন, বিএনপি’র কর্মসূচিকে ঘিরে নয় বরং বিএনপির সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ছাত্রলীগ কর্মী রুমন হত্যার প্রতিবাদে মিরেশ্বরাই উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ১৬ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভায় এক যোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। এছাড়া আগামী ৬ অক্টোবর সরকারদলীয় শান্তি সমাবেশের প্রচার-প্রচারণা ও নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে এই বিক্ষোভ সমাবেশ। বিএনপির সমাবেশকে ঘিরে আমাদের কোন মাথা ব্যাথা নেই।

মিরসরাই থানা অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, বিএনপি কেন্দ্র ঘোষিত পথসভায় দলটির মহাসচিব মীরজাফ ফরুল সাহেব এখানে বক্তব্য দিবেন। তারা সমাবেশের মঞ্চ স্থাপনের জন্য যে স্থানটি নির্ধারণ করেছে সেটি অত্যন্ত সংকীর্ণ এবং নিচু স্থান। তারা হয়তো চিন্তা করেছে যে মঞ্চ স্থাপনের স্থানটি উপযুক্ত হয়নি তাই হয়তো তাদের মঞ্চ স্থাপনের সরঞ্জাম সরিয়ে নিয়েছে। এখন তারা রাজনৈতিক ফায়দা লুটার জন্য অথবা পাবলিক সিম্পিথি অর্জনের জন্য পুলিশ প্রশাসনকে জড়িয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।

Advertisement