সীতাকুণ্ডে গভীর রাতে সাবেক ইউপি সদস্য ও যুবদল নেতার বাড়িতে হামলা ভাংচুর

137

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার কুমিরায় সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আলমগীর হোসেনের ঘরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

Advertisement

শনিবার গভীর রাতে কুমিরা ইউনিয়ন যুবদলের সভাপতি ও ৭ নং ওয়ার্ডের সাবেক সদস্য আলমগীরের বাড়িতে হামলা ও ভাঙচুর করে মুখোশধারী দুর্বৃত্তরা। এতে তার বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছে।

তিনি জানান, মুখোশধারী দুর্বৃত্তরা বাড়ির দরজা ও জানালার গ্লাস ভাংচুর করে এবং ১০/১৫টি কটকেলও ছুড়ে মারে। এসময় বিকট শব্দ এবং ধোঁয়ায় পুরো বাড়ি আছন্ন হয়ে যায়।

যুবদল নেতা আলমগীর জানান, শনিবার রাত ৩ টার দিকে ১৫/২০ জন মুখোশধারী দুর্বৃত্তরা দল বেঁধে এসে ঘরের নিচের তলার দরজা জানালা ভাংচুর করে এবং ১০/১৫ টি ককটেল ছুড়ে মারে। এই সময় ঘরে থাকা নয় মাস বয়সী ফোরহান নামের এক শিশু আহত হয়।

এদিকে হামলা ও ভাঙচুরের এই ঘটনায় নিন্দা জানিয়ে উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল করিম চৌধুরী বলেন, প্রতিরাতে কোন না কোন নেতাকর্মীর বাড়িতে হামলা করছে সন্ত্রাসীরা। অথচ প্রশাসন কোন ধরণের পদক্ষেপ নিচ্ছে না।

সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ জানান, কুমিরায় সাবেক ইউপি মেম্বার আলমগীরের বাসায় হামলার ঘটনা শুনেছি কিন্তু কেউ অভিযোগ করেনাই তারপরও আমি রবিবার দুপুরে সাদা পোশাকধারী একটি পুলিশের টিম পাঠিয়েছি।

Advertisement