রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল ঘোষণায় মদ ও সিগারেট আমদানির দায়ে একটি কন্টেইনার জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ।
বুধবার (২১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট, ইনভেস্টিগেশন এন্ড রিসার্চ (এআইআর) টিম ঘোষণা বহির্ভূত উপায়ে এসব পণ্য আমদানি করায় কন্টেইনারটি জব্দ করে।
নীলফামারীর মাজেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের প্রতিষ্ঠানটি হংকং থেকে উৎপাদন সরঞ্জামাদি, নির্মাণ সরঞ্জাম, প্যাকিং উপাদান, খাদ্য সামগ্রী ঘোষণা দিয়ে মদ ও সিগারেট ছাড়াও চকলেট, কেক, কফি, বাদাম, চিনি, পানি, সুপ আমদানি করে।
চট্টগ্রাম কাস্টম হাউসের চৌকস এআইআর টিমের পরীক্ষাকালে দেখা যায় খাদ্য সামগ্রী ঘোষনায় আনা বড় কাঠের বক্সের ভেতর বিভিন্ন কার্টনে খাদ্য সামগ্রীর সাথে লুকানো অবস্থায় সিগারেট, মদ ও বিয়ার রয়েছে। সকল পণ্য পরীক্ষা শেষে দেখা যায় আমদানিকারক ঘোষণা বহির্ভূতভাবে আনুমানিক ২৬.৫ লিটার মদ, ১০,২০০ শলাকা সিগারেট, ১ কেস বিয়ার আমদানি করেন। পণ্যচালানটি খালাসের লক্ষ্যে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার সিএন্ডএফ এজেন্ট মল্লিক ট্রেড ইন্টারন্যাশনাল বিল দাখিল করে। নিয়ম অনুযায়ী পণ্য পরীক্ষার জন্য কন্টেইনারের ভিতরের সকল পণ্য বের করতে সিএন্ডএফ প্রতিনিধিকে অনুরোধ করে এআইআর টিম। এ বিষয়ে আমদানিকারকের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এআইআর টিমের সদস্যরা।

















