শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
শুক্রবার তিনি বুড়িশ্চর ইউনিয়ন, শিকারপুর ইউনিয়নের দুর্গা মন্দিরে উপস্থিত হয়ে হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান। পাশাপাশি দুর্গাপূজা নিরাপদে পালন ও পূজামণ্ডপের সুরক্ষা নিশ্চিতকরণের জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, দুর্গাপূজা বাংলা ভাষাভাষী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আবহমান কাল ধরেই উপমহাদেশে এ উৎসবটি আনন্দঘন পরিবেশে পালিত হয়ে আসছে। যেকোনও ধর্মীয় উৎসবই সাম্প্রদায়িক ভেদরেখা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলনের সূচনা করে। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ।
তিনি আরো বলেন,ধর্মীয় উৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষকে এক বৃহত্তর শুভেচ্ছার প্রাঙ্গণে মিলিত করে। দুর্গাপূজার উৎসব সবার মধ্যে নিয়ে আসে আনন্দের বার্তা। এটি শাশ্বত সর্বজনীন উৎসব। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।এদেশে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত চলমান।এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে।তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
এ সময় হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যান, উত্তর জেলা স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, ওসমান গনি, মোজাম্মেল হক, এস এম ফারুক, আবিদ চৌধুরী, ওমর ফারুক, নূর খান, শেখ মহিউদ্দিন, মোঃ টিটু,আব্দুল খালেক, আইয়ুব আলী বাবলু, ইদ্রিস খান, সাইফুল আলম, মোঃ ইছা, রাশেদ খান সহ উত্তর জেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

















