সীতাকুণ্ড প্রতিনিধি: আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম প্রধান অনুষঙ্গ হল জনপ্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও জনবান্ধব সেবার প্রসার। এ লক্ষ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয় কর্তৃক ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা অটোমেশনের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নিরলস উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সকল আধুনিক সেবার সুফল সর্বসাধারণের মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ সরকার ২৫-২৭ মে তিন দিনব্যাপী দেশব্যাপী “ভূমি মেলা ২০২৫” আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় সীতাকুণ্ড উপজেলা ভূমি অফিসের নানা আয়োজনের মাধ্যমে তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম। এর আগে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীতে উপজেলা বিভিন্ন দপ্তরের সকল কর্মকর্তাসহ জনসাধারণ অংশ নেন।

তিনদিন ব্যাপী ভূমি মেলায় রয়েছে ই-নামজারি, মিসমামলা, অর্পিত সম্পত্তি ও এলডি ট্যাক্স বিষয়ক চারটি সেবা বুথ স্থাপন করা হয়েছে। যেখানে উপস্থিত সেবাপ্রার্থীরা দিনব্যাপী তাৎক্ষণিক সেবা ও সমস্যার সমাধান পাবেন। সঙ্গে রয়েছে ‘সেবা বুথ’ ও সার্বক্ষণিক গণশুনানির ব্যবস্থা, যেখানে সেবাগ্রহিতারা সরাসরি অভিযোগ ও সমস্যার কথা জানাতে পারবেন এবং দ্রুত সমাধান লাভ করবেন। এছাড়া বড় পর্দায় ভূমি মন্ত্রণালয় প্রদত্ত ভূমি সংক্রান্ত ডকুমেন্টারি ও সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী, ভূমি সেবা বিষয়ে কুইজ প্রতিযোগিতাসহ রয়েছে গণসচেতনতামূলক অনুষ্ঠান ও বিভিন্ন প্রদর্শনী।
সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

















