সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে স্বামী-শাশুড়ি মিলে শরীরে আগুন ধরিয়ে দিয়ে ফাতেমা আক্তার নামে এক গৃহবধূকে হত্যার প্রতিবাদে এবং ঘাতক স্বামী ও শাশুড়িকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।
শনিবার সকাল ১১টায় সীতাকুণ্ড প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলার ১ নং সৈয়দপুর ইউনিয়নের বগাচতর গ্রামবাসী। এর আগে সকাল ১০টায় সীতাকুণ্ড মডেল থানার সামনে বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলন ও বগাচতর এলাকাবাসী এক মানববন্ধনের আয়োজন করে।

উল্লেখ যে, গত ১৪ জুন (শনিবার) সকালে সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের উত্তর বগাচতর গ্রামের গৃহবধূ ফাতেমা আক্তারকে স্বামী মুসলিম উদ্দিন ও শাশুড়ি সাজেদা বেগম গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিলে আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে ভর্তি করলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৫দিন পর বুধবার রাত ১১টার সময় মারা যান। মীরশরাই উপজেলার জোরারগঞ্জ থানার দক্ষিণ সোনাপাহাড় গ্রামের নুরুল আবসারের মেয়ে তিন সন্তানের জননী ফাতেমা আক্তারের সাথে সীতাকুণ্ডের মুসলিম উদ্দিনের বিয়ে হয় ১৮ বছর আগে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রদান করেন আব্দুল্লাহ আল জাকারিয়া। এতে বলা হয় বিয়ের পর থেকে স্ত্রী নির্যাতন করতো স্বামী ও শাশুড়ি। মৃত্যুর পর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেন ফাতেমা আক্তারের পিতা নুরুল আনোয়ার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সীতাকুণ্ড প্রতিনিধি আসাদুজ্জামান, উত্তর বগাচতর একালার বাসিন্দা মহিবুর রহমার শওকত, খাইরুল ইসলাম, বোরহান উদ্দিন, নেছার উদ্দিন মেজবা এবং নিহত গৃহবধূ ফাতেমা আক্তারের ভাই নুর নবী।
এদিকে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর জানিয়েছেন শনিবার সকালে গৃহবধূ ফাতেমা আক্তারের পিতা নুরুল আনোয়ার বাদী হয়ে স্বামী-শাশুড়িকে আসামী করে মামলা দায়ের করেছেন। পুলিশ শাশুড়ি সাজেদা বেগম (৫৫) কে গ্রেফতার করেছে।

















