‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এ প্রতিপাদ্যকে ধারণ করে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ আয়োজিত এক বর্ণাঢ্য র্যালি আজ (২৪ জুলাই ২০২৫) সকাল ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে চবি মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এ দিবসটি বাংলাদেশের সমুদ্র ও অন্তঃস্থলীয় জলজ সম্পদের টেকসই ব্যবস্থাপনা, মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য খাতে প্রযুক্তির ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ গুরুত্ব বহন করে।
বর্ণাঢ্য র্যালিতে নেতৃত্ব দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। চবি মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের পরিচালক প্রফেসর ড. শেখ আফতাব উদ্দিন, উক্ত ইনস্টিটিউটের প্রফেসর সাইদুর রহমান চৌধুরী, প্রফেসর ড. মো. শফিকুল ইসলামসহ ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী, মৎস্য অধিদপ্তরের ব্যক্তিবর্গ, কর্মকর্তা, কর্মচারী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা মৎস্য খাতের টেকসই উন্নয়নের ওপর বিশেষ তাগিদ দেন এবং এ খাতের উন্নয়নে এ অনুষদের গবেষকদের গবেষণালব্ধ জ্ঞানকে কাজে লাগানোর ব্যাপারে উৎসাহিত করেন। মৎস্য অধিদপ্তর, সামুদ্রিক মৎস্য দপ্তর চট্টগ্রাম-এর প্রতিনিধি এবং ইয়ন অ্যাকুয়াকালচার গ্রুপ-এর কর্মকর্তাদের অংশগ্রহণ এবং তথ্যবহুল উপস্থাপনার মাধ্যমে আয়োজনটি সমৃদ্ধ হয়েছে।
মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন তার বক্তব্যে বলেন, আমাদের দেশে মৎস্য খাত অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এ খাতকে এগিয়ে নিতে হলে গবেষণা, প্রযুক্তির প্রয়োগ এবং জনসচেতনতার কোনো বিকল্প নেই। এ দিবসটির তাৎপর্য তরুণ শিক্ষার্থীদের কাছে তুলে ধরতেই আমাদের এই আয়োজন।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো, মাছ চাষে আধুনিক প্রযুক্তি ও গবেষণার ব্যবহারকে উৎসাহিত করা। সমুদ্রসম্পদের সংরক্ষণ এবং তরুণ প্রজন্মকে জলজ পরিবেশ ও পেশাভিত্তিক দক্ষতায় উদ্বুদ্ধ করা।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস বিগত পাঁচ দশকেরও বেশি সময় ধরে এবং নতুন প্রতিষ্ঠিত বিভাগসমূহকে নিয়ে মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ সামুদ্রিক ও মিঠাপানির জীববৈচিত্র্য, মৎস্য প্রযুক্তি এবং টেকসই সম্পদ ব্যবস্থাপনা নিয়ে গবেষণা ও শিক্ষাকার্যক্রম পরিচালনা করে আসছে।
র্যালি শেষে ইনস্টিটিউট প্রাঙ্গণে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে মৎস্য বিষয়ে ইনস্টিটিউট অডিটোরিয়ামে এক সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পূর্বাহ্নে, সম্প্রতি ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

















