‘ইপসা’ এর আয়োজনে চবিতে ‘SHIKHA’ সভা অনুষ্ঠিত

408

ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (YPSA) এর আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য দপ্তরের সিনেট কক্ষে ৪ আগস্ট বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয় ‘SHIKHA’ বিষয়ে প্রারম্ভিক সভা। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

Advertisement

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট জনাব এ.জি.এম. নিয়াজ উদ্দিন, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, চবি বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. আকতার হোসেন, ইফসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান, ইফসার ম্যানেজমেন্ট অ্যাডভাইজার ড. শামসুন নাহার, ভাষ্কর ভট্টাচার্য, সহকারী পরিচালক আবদুস সবুর, ইফসার ডিরেক্টর নাসিম বানু শ্যামলী, সৈয়দ আমান আল আনাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইফসার ম্যানেজার তুষার কুমার রায়।

উপ-উপাচার্য (একাডেমিক) অনুষ্ঠানে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি ‘ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (YPSA) এর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, সমাজে মানবসভ্যতার শুরু থেকে এমন কোনো সোসাইটি পাওয়া যাবে না, যেখানে অন্যায় সংগঠিত হয় না। অন্যায় সংগঠিত হবে—এটি অত্যন্ত স্বাভাবিক, কিন্তু সে অন্যায়টা রাষ্ট্র অথবা সরকার কীভাবে দেখে—এর দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে বিভাজন করা হয়: এটা সভ্য না অসভ্য রাষ্ট্র। তিনি আরও বলেন, নারী শিক্ষার্থীদের শিক্ষা জীবন আমরা অত্যন্ত সুন্দর ও নিরাপদ করতে চাই। উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

উপ-উপাচার্য (প্রশাসন) ‘ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (YPSA)-এর সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি ‘SHIKHA’ প্রকল্প নিয়ে আলোচনা আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, যৌন হয়রানি বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উচ্চ পর্যায়ে একটি কমিটি রয়েছে। এ কমিটির মাধ্যমে বিষয়গুলো দেখা হয়ে থাকে। উপ-উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপদ জীবন সুরক্ষায় প্রশাসন কাজ করছে এবং অত্যন্ত সচেতন রয়েছে। তিনি সকলের নিরাপদ জীবন কামনা করেন।

সভায় ‘SHIKHA’ শীর্ষক বিষয়ে প্রেজেন্টেশন প্রদান করেন ইপসার ম্যানেজমেন্ট অ্যাডভাইজার ড. শামসুন নাহার। এতে সহযোগিতায় ছিল ‘ব্র্যাক’ এবং ‘ব্লাস্ট’।

Advertisement