আসলাম চৌধুরীকে দলীয় মনোনয়নের দাবীতে ৪০ কিলোমিটার ব্যাপী মানববন্ধন

867

সীতাকুণ্ড প্রতিনিধি: বিএনপির  সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মোঃ আসলাম চৌধুরীকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দেওয়ার দাবিতে প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন করেছেন সমর্থকরা।

Advertisement

শনিবার (২২ নভেম্বর) বেলা ১১টায় নগরের একেখান মোড় থেকে সীতাকুণ্ড উপজেলার দারোগারহাট পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মানববন্ধনে আসতে শুরু করেন। প্রায় ৪০ কিলোমিটার সড়কের বিভিন্ন স্পটে উপজেলার ৯টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও মহানগরীর ২টি ওয়ার্ডের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশ নিয়ে আসলাম চৌধুরীর মনোনয়ন দাবি করে শ্লোগান দেন। এসময় বিভিন্ন পেশার নারী পুরুষ ব্যানার, প্লেকার্ড, ফেষ্ঠুন হাতে স্লোগানে স্লোগানে মুখরিত রাখে মহাসড়ক।

বক্তারা বলেন, লায়ন আসলাম চৌধুরী একজন মজলুম জননেতা। কেবল রাজনৈতিক কারণে চার দফায় তিনি প্রায় ১১বছর জেলখানায় কাটিয়েছেন। নিজের ব্যবসা বাণিজ্য, ধন-সম্পদ বিসর্জন দিয়ে দলের নীতি আদর্শ ধরে রেখে মানুষের কল্যাণে কাজ করেছেন। রাজনীতির পাশাপাশি তিনি সামাজিক কর্মকান্ডের মাধ্যমে এলাকার সবস্তরের মানুষের জন্য কাজ করেছেন। কারাগারে থাকা অবস্থায় দুই ভাইয়ের মৃত্যু হলেও যিনি মনোবল হারাননি, কোনো আঁতাত করেননি এই রকম দৃঢ় প্রত্যয়ী নেতাকে মনোনয়ন না দেয়া একধরণের অবজ্ঞার শামিল।

বক্তারা বলেন, চতুর্থবার গ্রেফতার হয়ে একটানা প্রায় সাড়ে ৮ বছর কারাগারে বন্দী থাকার পরও তিনি স্বৈরাচারী হাসিনা সরকারের সাথে আপোষ করেননি। রাজনীতি জীবনের শুরু থেকেই আসলাম চৌধুরী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সাহসী ভূমিকা রেখে দূর্বার প্রতিরোধ গড়ে তুলেছিলেন। হামলা-মামলা, জেল-জুলুম, নির্যাতন কোনো কিছুই তাঁকে দমাতে পারেনি। এমন আদর্শবান মানুষ দলীয় মনোনয়ন না পাওয়ায় শুধু সীতাকুণ্ড কিংবা চট্টগ্রামবাসী নয়, পুরো জাতি আজ হতভম্ব।

মানববন্ধন থেকে অভিলম্বে চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবী জানানো হয়।

Advertisement