চট্টগ্রাম জেলার পটিয়া ও লোহাগাড়া উপজেলায় মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৪ টি গৃহহীন পরিবারের জন্য জেলা পরিষদ চট্টগ্রামের উদ্যোগে নির্মিত গৃহের চাবি হস্তান্তর করা হয় আজ সোমবার (১৯ জুলাই)।
চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম উপস্থিত থেকে উপকারভোগী জোবায়ের আহমদ, মমতাজ, ইসহাক চৌধুরী ও সুব্রত দাশের নিকট ঘর সমূহের চাবি হস্তান্তর করেন।
হস্তান্তর অনুষ্ঠানে এম এ সালাম বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে স্বাধীন দেশ উপহার দিয়েছেন কিন্তু এ দেশকে নিয়ে দেখা তাঁর সকল স্বপ্ন পূরণ করে যেতে পারেন নাই। তাঁর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে সেই স্বপ্নগুলো একে একে পূরণ হতে চলেছে। দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। এর ধারাবাহিকতায় মুজিববর্ষে সকল জনগণের মৌলিক অধিকার পূরণের অংশ হিসেবে সকল গৃহহীনকে গৃহ প্রদানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশে লক্ষ লক্ষ গৃহহীনের জন্য গৃহ তৈরী পূর্বক হস্তান্তর করা হচ্ছে। চট্টগ্রাম জেলা পরিষদের মাধ্যমে আমরাও এই কর্মসূচিতে শরীক হয়েছি যা প্রকৃতপক্ষে গৃহহীনকে গৃহদান শেখ হাসিনার এক অনন্য দুঃসাহসিক অভিযাত্রা।
হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী এমপি এ সময় বলেন, চট্টগ্রাম জেলা পরিষদ জেলাব্যাপী ব্যাপক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছে। প্রধানমন্ত্রীর গৃহ নির্মাণ আন্দোলনের সাথে চট্টগ্রাম জেলা পরিষদ শরীক হয়েছে। প্রধানমন্ত্রীর গৃহহীনদের আশ্রয় প্রদানের আন্দোলন সফল করার জন্য জনপ্রতিনিধি, রাজনীতিবীদ,সরকারী কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ীসহ সর্বস্তরের সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি পটিয়া উপজেলায় গৃহহীনদের জন্য মজবুত ও দৃষ্টিনন্দন ঘর নির্মাণ করায় জেলা পরিষদ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ, আনোয়ার কামাল, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, কাউন্সিলর কামাল উদ্দীন বেলাল,বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জোনাইদ, চুনতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন সমূহের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ।
উল্লেখ্য, মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জেলার ৫০ টি গৃহহীন পরিবারকে ঘর তৈরী করে দেয়ার জন্য (জমি আছে ঘর নাই) প্রকল্প গ্রহন করে বাস্তবায়ন করছে চট্টগ্রাম জেলা পরিষদ। এ প্রকল্পের আওতায় জেলার ১৫টি উপজেলা ও মহানগরে মোট ৫০টি ঘর নির্মান কাজ প্রায় শেষ পর্যায়ে আছে। প্রতিটি ঘরের জন্য একটি করে নলকূপসহ নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫,৬৮,৮৪৮ টাকা।

















