সীতাকুণ্ড প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্যেদিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রার্থীরা।
সোমবার দুপুরে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলামের কাছে মনোনয়ন পত্র জমা দেন চট্টগ্রাম-৪ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতিকের আনোয়ার সিদ্দিক চৌধুরী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাতপাখা প্রতিকের আলহাজ্ব অধ্যক্ষ মুহাম্মদ দিদারুল মাওলা। এছাড়া ধানের শীষ, মোমবাতি, কাস্তে, ট্রাক মার্কার প্রার্থীরা চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী ও সমর্থকদের ভিড় জমে। প্রার্থী এবং দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করতে দেখা যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এসময় জামায়াতে ইসলামীর বিভিন্নস্তরের নেতৃবৃন্দ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম বলেন, চট্টগ্রাম-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রাথী আমার কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বাকীরা চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন।

















